২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ হয়েছে। এ ধাপে নতুন করে ১ লাখ ৭৯ হাজার ৩৪০ জন শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য প্রতিষ্ঠান বরাদ্দ পেয়েছেন। আগের ধাপে নিশ্চিত হওয়া বরাদ্দসহ এখন পর্যন্ত মোট ১০ লাখ ৩ হাজার ২৮৮ জন শিক্ষার্থী কলেজ বরাদ্দ পেয়েছেন।
সোমবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্ধারিত ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
প্রকাশিত তথ্য অনুযায়ী, দ্বিতীয় পর্যায়ে কলেজ পছন্দের জন্য মোট ১ লাখ ৮৪ হাজার ৪৬৯ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে নতুন আবেদনকারী ছিলেন ১ লাখ ৪২ হাজার ৪৯৫ জন। আগের ধাপে নিশ্চিত হওয়া কলেজ বরাদ্দের সংখ্যা ছিল ৮ লাখ ২৩ হাজার ৯৪৮টি। এর সঙ্গে নতুন করে ১ লাখ ৭৯ হাজার ৩৪০টি বরাদ্দ যোগ হওয়ায় মোট বরাদ্দের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩ হাজার ২৮৮টি।
তবে দ্বিতীয় পর্যায়ে আবেদন করেও ৫ হাজার ১২৯ জন শিক্ষার্থী কোনো কলেজে বরাদ্দ পাননি। তাদের মধ্যে ৩২১ জন জিপিএ-৫ পেয়েও কোনো প্রতিষ্ঠানে মনোনয়ন পাননি। আবেদন জটিলতা, পছন্দক্রম ও আসনসংখ্যার সীমাবদ্ধতাসহ বিভিন্ন কারণে এসব শিক্ষার্থী বরাদ্দ থেকে বঞ্চিত হয়েছেন।
প্রকাশিত তালিকা বিশ্লেষণে দেখা গেছে, ১২টি কলেজে কোনো শিক্ষার্থী আবেদন করেননি। অন্যদিকে ৪১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা পছন্দক্রম দিলেও নির্ধারিত ন্যূনতম যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ না হওয়ায় কোনো শিক্ষার্থীকে এসব প্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি।
এদিকে, আগের ধাপে কলেজ বরাদ্দ পাওয়ার পর ২৭ হাজার ৫৬৬ জন শিক্ষার্থী তা নিশ্চিত না করায় পুনরায় (রিঅ্যাপ্লাই) আবেদন করেছেন। অন্যদিকে ১ হাজার ৯২৭ জন আগের বরাদ্দ নিশ্চিত না করলেও নতুন করে আবেদন করেননি।
অটো-মাইগ্রেশনের ক্ষেত্রেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী তাদের পছন্দ বজায় রেখেছেন। আগের ধাপের আবেদনকারীদের মধ্যে ৩ লাখ ৯৭ হাজার ৯৩৫ জন অটো-মাইগ্রেশন সুবিধা চালু রেখেছিলেন। দ্বিতীয় পর্যায় পর্যন্ত তাদের পছন্দের কলেজ পরিবর্তন হয়নি। অপরদিকে ৪ লাখ ২৬ হাজার ১৩ জন শিক্ষার্থী অটো-মাইগ্রেশন সুবিধা নেননি।
সার্বিক হিসাবে, দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশের পর একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়ায় অধিকাংশ আবেদনকারীই কলেজ বরাদ্দ পেয়েছেন। প্রকাশিত গ্রাফ অনুযায়ী, মোট আবেদনকারীদের প্রায় ৯৯ শতাংশ কলেজ বরাদ্দ পেয়েছেন এবং প্রায় ১ শতাংশ বরাদ্দ থেকে বঞ্চিত হয়েছেন।
যেসব শিক্ষার্থী এ পর্যায়ে কলেজ বরাদ্দ পাননি এবং যারা নতুন করে আবেদন করতে চান, তারা নিয়ম অনুযায়ী পরবর্তী পর্যায়ের আবেদনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


