রমজানের প্রথম দিনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে স্বাধীনভাবে সকলকে নিয়ে ইফতার উদযাপন করেছে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।
সহস্রাধিক রোজাদারের জন্য এই গণ-ইফতার কর্মসূচিটি টিএসসির খোলা মাঠে অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
গণ-ইফতার সম্পর্কে আয়োজকেরা জানান, গতবছর ফ্যাসিবাদী হাসিনা সরকার ও তার অনুগত বিশ্ববিদ্যালয় প্রশাসন রমজানে ইফতারের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা আরোপসহ ছাত্রলীগের সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে রোজাদার শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা করেছে। কিন্তু সেই ফ্যাসিবাদের অবসান হওয়ায় ইসলাম ধর্মের সংস্কৃতি ও বাংলাদেশিদের নিজস্ব সংস্কৃতিকে এগিয়ে নিতে বৃহৎ এই আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাবি শাখার আহ্বায়ক আবদুল কাদের আমার দেশকে বলেন, এ দেশের মুসলমানদের সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে এই গণ-ইফতারের আয়োজন করা হয়েছে। গতবছরও আমরা গণ-ইফতারের আয়োজন করেছিলাম। তৎকালীন ফ্যাসিবাদী হাসিনা সরকার ক্যাম্পাসগুলোতে ইফতার অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করলে আমরা প্রথমে ঢাবির টিএসসিতে এবং এটা দেখে অন্যান্য ক্যাম্পাসগুলোতেও গণ-ইফতার চালু হয়। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও আমরা টিএসসিতে এক হাজার মানুষের জন্য গণ-ইফতারের আয়োজন করেছি।
নবগঠিত সংগঠনটির ব্যানারে গণ-ইফতার আয়োজনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে অনেকে এর আয়ের উৎস সম্পর্কে জানতে চায়। এ সম্পর্কে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক হিসেবে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী আমার দেশকে বলেন, বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই, শিক্ষকসহ ক্যাম্পাস রাজনীতির সাথে জড়িত সাবেক শিক্ষার্থীদের আর্থিক অংশগ্রহণে এই আয়োজন করা হয়েছে।
গণ-ইফতার অনুষ্ঠানে অংশ নিতে আসা শিক্ষার্থীরা জানান, এ রকম বড় আয়োজনে ইফতার করতে আসার অনুভূতি ভিন্ন। নতুন সংগঠন হিসেবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ যা করছে সেটা প্রশংসার দাবিদার।
উল্লেখ্য, গত বছর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইফতার অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে এর প্রতিবাদ জানিয়ে প্রথম রোজাতে (১২ মার্চ) গণ-ইফতারি কর্মসূচি গ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও এই গণ-ইফতার কর্মসূচি পালিত হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

