স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে তারা। সংক্ষিপ্ত সমাবেশে জিয়াউদ্দিন আয়ানের সঞ্চালনায় শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেয় তারা।

‘দফা এক দাবি এক , জাহাঙ্গীরের পদত্যাগ; এক দুই তিন চার, জাহাঙ্গীর গদি ছাড়; স্বরাষ্ট্র উপদেষ্টার গদিতে, আগুন জ্বালো একসাথে; সারাদেশে ছিনতাই কেনো, প্রশাসন জবাব চাই; রক্তের দাম চাই, নিরাপদ দেশ চাই; মা বোনদের নিরাপত্তা দে, নইলে গদি ছাইড়াদে প্রভৃতি স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

এ সময় মার্কেটিং বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামন উজ্জ্বল বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পাইনি। আপনি যদি বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিতে না পারেন তাহলে গদি ছেড়ে দেন। আমরা বিকল্প কাউকে ভেবে নিব।

Jahangir-University-2

তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যখন বিপ্লবীদের ওপর হামলা হচ্ছিল তখন ডেভিলহান্টের নামে স্বরাষ্ট্র উপদেষ্টা একটি অপারেশন চালু করে। কিন্তু বাস্তবতা হচ্ছে সেই অপারেশনে মিথ্যা মামলায় বিপ্লবীদের গ্রেপ্তার করা হচ্ছে। এখনো বিভিন্ন পদে আমি আওয়ামী দোসরা রয়েছে। আপনাদেরকে পদচ্যুত করা না হলে দেশে শান্তি-শৃঙ্খলা আনা সম্ভব নয়। তাই অনতি বিলম্বে তাদের চাকরিচ্যুত করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই আপনি আজকের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য যদি দৃশ্যমান পদক্ষেপ না নেন তাহলে আপনার বিরুদ্ধে আরও কঠোর অবস্থানে যাব।

রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে আমাদের আকাঙ্ক্ষা ছিল এখানে সুশাসন, মানবাধিকার ও তার নৈতিক অধিকার ফিরে পাবে, কিন্তু হচ্ছে তার বিপরীত। মানুষ প্রতিনিয়ত ধর্ষণ, ছিনতাই ও হত্যার শিকার হচ্ছে। এর দায়ভার স্বরাষ্ট্র উপদেষ্টাকেই নিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা যদি তার দায়িত্ব পালন করতে না পারে, তাহলে স্বেচ্ছায় পদত্যাগ করবে অন্যথায় আমরা ছাত্র-জনতা তাকে গদি থেকে নামাতে বাধ্য হব।

তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষার সরকার দায়িত্ব গ্রহণ করে। কিন্তু জনগণ যে আকাঙ্ক্ষা থেকে এই সরকারকে দায়িত্ব দিয়েছে তারা সে দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সরকারের কাছে বলবো যথাযথ পদক্ষেপ নিতে যদি কোনো নির্দিষ্ট মহল বাধা দেয় তাহলে আপনারা জনগণের কাছে তা পরিষ্কার করেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার যথাযথ পদক্ষেপ নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন