এইচএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৫৫৪৮, জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী

এইচএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৫৫৪৮, জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬২০ জন পরীক্ষার্থী। এ ছাড়া ফেল করা থেকে এবার পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী। সোমবার বিকাল ৩টায় ফলাফল প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

বিজ্ঞাপন

রেজাল্ট ও বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, এবার পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন ২ লাখ ৯১ হাজার ২১১ জন পরীক্ষার্থী। এর মধ্যে নতুন করে জিপিএ–৫ পেয়েছেন ঢাকা বোর্ডে ৪৬৫ জন, কুমিল্লায় ১২০, রাজশাহীতে ৫৬, যশোরে ১৬৩, চট্টগ্রামে ১০১, বরিশালে ২১, সিলেটে ৭৭, দিনাজপুরে ১৩৪ ও ময়মনসিংহ বোর্ডে ২৭৪ জন। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১৭১ জন ও কারিগরি শিক্ষা বোর্ডে ৩৮ জন পরীক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।

পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের জন্য ১১টি শিক্ষা বোর্ডে আবেদনের কারণে ২৩ হাজার ১৪৫ জনের ফলাফলে পরিবর্তন এসেছে। ফল পরিবর্তনের সংখ্যায় সবার উপরে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এ বোর্ডে ১৮ হাজার ৮৭০ জন শিক্ষার্থী আবেদন করেন এবং ৭১ হাজার ৭৬২টি উত্তরপত্র পুনর্নিরীক্ষা করা হয়। এতে সর্বোচ্চ ২ হাজার ৬৬৮ জনের ফল পরিবর্তন হয়েছে, যা আবেদনকারীর ১৪ দশমিক ১৪ শতাংশ।

অন্যদিকে, ফল পরিবর্তনের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড । ১৭ হাজার ৪৪০ জন আবেদনকারীর মধ্যে ২ হাজার ৩০৭ জনের ফল পরিবর্তন হয়েছে। যা আবেদনকারীর ১৩ দশমিক ২৩ শতাংশ।

এছাড়া কুমিল্লা বোর্ডে ২৫ হাজার ১৯৩ জন আবেদনকারীর মধ্যে ২ হাজার ৮১৩ জনের, রাজশাহী বোর্ডে ৩১ হাজার ৩৬৪ জনের মধ্যে ৭৭৫ জনের, যশোর বোর্ডে ২৬ হাজার ২৭৭ জনের মধ্যে ১ হাজার ৭৩৬ জনের, চট্টগ্রাম বোর্ডে ২৭ হাজার ১২৪ জনের মধ্যে ২ হাজার ৪৩ জনের এবং বরিশাল বোর্ডে ১২ হাজার ২৯৩ জনের মধ্যে ৫২০ জনের ফল পরিবর্তন হয়েছে।

অন্যদিকে, সিলেট বোর্ডে ১৪ হাজার ৪৪৩ জন আবেদনকারীর মধ্যে ১ হাজার ২৬৭ জনের, দিনাজপুর বোর্ডে ২৪ হাজার ৫৩১ জনের মধ্যে ২ হাজার ৩৫ জনের, মাদরাসা শিক্ষা বোর্ডে ১১ হাজার ৮৮২ জনের মধ্যে ১ হাজার ১২৮ জনের এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে (বিটিইবি) ১৭ হাজার ৪৪০ জন আবেদনকারীর মধ্যে ২ হাজার ৩০৭ জনের ফল পরিবর্তন হয়েছে।

ফল পরিবর্তনের হার বিবেচনায় ময়মনসিংহ বোর্ডের পরেই রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড (১৩ দশমিক ২৩ শতাংশ)। সবচেয়ে কম ফল পরিবর্তন হয়েছে রাজশাহী বোর্ডে, মাত্র ২ দশমিক ৪৭ শতাংশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...