পিএসসি সংস্কার কমিশন গঠন

আন্দোলনের মুখে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

আন্দোলনের মুখে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারসহ আট দফা দাবিতে আন্দোলন ও অনশন করছেন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী শিক্ষার্থী। তাদের দাবির মুখে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। সংস্থাটির চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনরত আন্দোলনকারীদের অনশন ভাঙাতে গিয়ে এ তথ্য জানান তিনি। এ সময় আসিফ মাহমুদ বলেন, আগামী ৮ মে অনুষ্ঠিতব্য ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের আট দফা দাবির জন্য সরকারের উচ্চপর্যায়ে বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানকে প্রধান করে একটি কমিটিও করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া পিএসসির দীর্ঘমেয়াদি সংস্কারের জন্য আন্দোলনরত শিক্ষার্থী ও গঠিত কমিটি এ ব্যাপারে আলোচনায় বসবেন বলেও জানান উপদেষ্টা আসিফ মাহমুদ।

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ৮ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এ পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন শুরু করেন একদল প্রার্থী। তারা তিনদিনের মধ্যে লিখিত পরীক্ষা পিছিয়ে নতুন তারিখ ঘোষণার দাবি জানিয়ে আলটিমেটামও দিয়েছিলেন।

দুটি পিএসসি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার

সরকার দুটি পিএসসি করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। রোববার বিকাল ৪টা ১৯ মিনিটে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, পিএসসি নিয়ে সর্বশেষ ক্যাবিনেট মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দীর্ঘসূত্রতা ও অনিয়ম বিষয়ে আলোচনার পর সরকার দুটি পিএসসির সিদ্ধান্ত নিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন