ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে সঞ্জয় বাড়াইক (২৮) নামে নৃবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ২০২০-২১ সেশনের ছাত্র ছিলেন এবং জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। সঞ্জয়ের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার একটি চা-বাগান এলাকায়। তিনি মনিরুদ বাড়াইকের ছেলে।
সোমবার ভোরে সঞ্জয়কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জগন্নাথ হলের কর্মচারী মানিক কুমার দাস জানান, ভোরে হলের এক দারোয়ান ফোন করে জানান যে, জগন্নাথ হলের ভেতরের রাস্তার পাশে একটি মৃতদেহ পড়ে আছে। তাৎক্ষণিক তিনি সেখানে যান এবং অন্যান্যদের সহায়তায় আহত অবস্থায় সঞ্জয়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পরে হলের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, সঞ্জয় একটি ভবন থেকে নিচে পড়ে যান। তবে তিনি পড়ে গেছেন নাকি ইচ্ছাকৃতভাবে লাফ দিয়েছেন—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

