আলোচনা সভায় শিক্ষা উপদেষ্টা

মুক্তচিন্তার সুযোগ না থাকায় বিগত সময়ে শিক্ষার বিকাশ ঘটেনি

মুক্তচিন্তার সুযোগ না থাকায় বিগত সময়ে শিক্ষার বিকাশ ঘটেনি

মুক্তচিন্তার সুযোগ না থাকায় বিগত সময়ে শিক্ষার বিকাশ ঘটেনি বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, ছাত্রজনতা যে চেতনা ধারণ করে দেশ ফ্যাসিস্ট মুক্ত করেছে, সে চেতনাকে বাচিয়ে রেখে শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জন করতে হবে।

শনিবার ঢাকা কলেজ অডিটোরিয়ামে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘জুলাই গণ-অভ্যুত্থান ও শিক্ষা ক্যাডারের ভাবনা’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, সময় এসেছে তরুণদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার, দেশ গড়ার কারিগর হিসেবে তৈরি করার।

তিনি বলেন, একটা অস্থির সময় পার করছে সবাই, যা বিচক্ষণতার মধ্যে দিয়ে পার করতে হবে। শিক্ষার ক্ষেত্রে বিশ্বমানের মাপ কাঠিতে নিজেদের বিবেচনা করার জন্য কাজ করছে সরকার।

বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো. মজিবর রহমান। প্রধান আলোচক ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ অধ্যাপক ড. জসীম উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক নাসরিন বেগম।

সেমিনারে প্রবন্ধ পাঠ করেন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ড. মো. মাসুদ রানা খান।

প্রবন্ধে জুলাই গণঅভ্যুত্থানে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ভূমিকা ও ভাবনা তুলে ধরা হয়। প্রায় দেড় হাজারের বেশি ছাত্র-জনতার আত্মত্যাগ এবং লক্ষাধিক আহতের বিনিময়ে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী আওয়ামী শাসন অবসানের মাধ্যমে বাংলাদেশের মানুষ যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখছে সেই স্বপ্ন পূরণে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তা প্রবন্ধে তুলে ধরা হয়।

প্রবন্ধে আরো বলা হয়, বাংলাদেশের শিক্ষা ও শিক্ষকরা গনঅভ্যুত্থানের পর যথাযথ মনোযোগ পায়নি। শিক্ষকরা এখনও নিজেদের বৈষম্যের শিকার বলে মনে করেন।

ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাসোসিয়েশনের যুগ্ম আহবায়ক মো. শাহজাহান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন