জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের তফসিল পরিবর্তন করে ২২ ডিসেম্বর নির্ধারণের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় ছাত্রশক্তি ও ছাত্র অধিকার পরিষদ। তাদের অভিযোগ, ইসলামী ছাত্রশিবিরকে সুবিধা দিতেই নির্বাচন পেছিয়েছে কমিশন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দুই সংগঠনের নেতারা।
জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, “জকসু নির্বাচনে ছাত্রশিবিরকে সুবিধা দিতেই নির্বাচন পিছিয়েছে কমিশন। ছাত্রশিবির ছাত্রদলকে ফাঁকা মাঠে গোল দিয়েছে। কারণ পরীক্ষা শেষ হলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে থাকে না। তবে আমরা জানি, একটি ছাত্রসংগঠনের নেতাকর্মীরা ঈদের সময়ও বাড়ি যায় না—তাদের ছুটি থাকে না।”
তিনি আরও বলেন, কমিশনের এই সিদ্ধান্তে নির্বাচনী পরিবেশ প্রশ্নবিদ্ধ হয়েছে। “বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন যদি সত্যিই নিরপেক্ষ থাকত, তাহলে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার মতো সময়েই নির্বাচন দিত।”
এ সময় ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন, “আমরা এ তফসিল ঘোষণাকে নিন্দা জানাচ্ছি। স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে এই তফসিলই এখন সবচেয়ে বড় বাধা। আমাদের দাবি, ২২ ডিসেম্বরের তারিখ বাতিল করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন দিতে হবে।”
লিখিত বক্তব্যে সংগঠন দুটি তিন দফা দাবি উপস্থাপন করে—১. ঘোষিত ২২ ডিসেম্বরের নির্বাচন তারিখ বাতিল করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে (সোম বা মঙ্গল) নতুন তারিখ ঘোষণা করতে হবে; ২. সব ছাত্রসংগঠনের সঙ্গে আলোচনার মাধ্যমে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন নিশ্চিত করতে হবে; ৩. কমিশনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ না থাকার নিশ্চয়তা দিতে হবে।
নেতারা অভিযোগ করেন, কমিশন শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় না এনে একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থে কাজ করছে। তারা সতর্ক করে বলেন, “শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করে নির্বাচন আয়োজনের চেষ্টা করা হলে তা প্রতিরোধে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

