শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শিক্ষার মান নিয়ে উদ্বেগ
আমার দেশ গ্রাফিক্স

দেশের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মান নিয়ে প্রশ্ন দীর্ঘদিনের। বিশেষ করে পতিত আওয়ামী সরকারের সময়ে শিক্ষা খাত চরম ধ্বংসের মুখে পড়ে। নানা অনিয়ম-দুর্নীতি, অব্যবস্থাপনা আর সংকটের কারণে নিম্ন থেকে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার স্বাভাবিক গতি বিঘ্নিত হয়। তবে সরকারের সফলতা দেখাতে শিক্ষার ধ্বংসাত্মক এই চিত্রকে আড়াল করতে পতিত সরকার নানা ছলচাতুরির আশ্রয় নেয়। যার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে গত দুই বছরের পাবলিক পরীক্ষার ফলাফলে।

এ সময়ে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি পাসের হারও ব্যাপক কমেছে। বর্তমানে যথাযথ মূল্যায়নে স্কুল-কলেজ ও মাদরাসা শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই হচ্ছেÑদাবি করা হলেও শিক্ষার এই মান নিয়ে সংশ্লিষ্ট মহলে বেশ উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। শিক্ষাব্যবস্থার এসব সংকটের কারণে সরকারের অর্থ অপচয়ের পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকরাও নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বিজ্ঞাপন

এদিকে শূন্য পাসসহ মানহীন শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। পাশাপাশি শিক্ষাকে আনন্দময় ও মানসম্মত করতেও ব্যাপক পরিকল্পনা ও কার্যক্রম চালানো হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তবে বিচ্ছিন্নভাবে কোনো উদ্যোগের পরিবর্তে শিক্ষার সামগ্রিক মান বাড়াতে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাঠ্যপুস্তক থেকে শুরু করে পরীক্ষাব্যবস্থাসহ গোটা শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

শিক্ষাসংশ্লিষ্টরা জানান, গত ১৭ বছরে অনিয়ম-দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে মানহীন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। আবার বিষয়ভিত্তিক প্রয়োজনীয় শিক্ষকেরও অভাব আছে অনেক প্রতিষ্ঠানে। এসব মানহীন শিক্ষক দিয়ে মানসম্মত শিক্ষাদান ব্যাহত হচ্ছে। তাছাড়া শিক্ষায় বাজেটে বরাদ্দ কম থাকা, বেতন ও সুযোগ-সুবিধায় বৈষম্য এবং অসন্তুষ্টির কারণে শিক্ষকতা পেশায় মেধাবীরা আগ্রহ হারাচ্ছেন।

তারা আরো জানান, নানা কারণে অধিকাংশ স্কুল-কলেজে ঠিকমতো ক্লাস হয় না। বিশেষ করে মফস্বল এলাকার কলেজগুলোতে ক্লাসে উপস্থিতির হার খুবই কম। শিক্ষকদের অনেকেই ক্লাসের পরিবর্তে কোচিং-প্রাইভেটে সময় দিয়ে বাড়তি আয়ে ব্যস্ত থাকেন। শিক্ষার্থীদের তাতে ভর্তি হতে বাধ্য করা হয়। এতে বাড়তি খরচের চাপে পড়েন অভিভাবকরা। দরিদ্র পরিবারের সন্তানদের অনেকে পড়ার পাশাপাশি আয়-রোজগারে সময় দেন।

এদিকে প্রয়োজনীয়তা ও মান নিশ্চিত না করে দলীয় বিবেচনায় অনেক প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়া হয়েছে। যেগুলোতে শিক্ষকের পাশাপাশি শিক্ষার্থীর সংখ্যাও কম। সেখানে ঠিকমতো ক্লাস বা মানসম্মত পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীরা শিখন ঘাটতিতে পড়েন।

তাছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামোগত নানা সংকটের পাশাপাশি প্রয়োজনীয় ল্যাবরেটরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুব্যবস্থা নেই। যে কারণে এসএসসি ও এইচএসসিতে অনুত্তীর্ণদের বেশিরভাগ গণিত ও ইংরেজির পাশাপাশি আইসিটিতে কম নম্বর পান। ঘনঘন কারিকুলাম পরিবর্তন, সময়মতো পাঠ্যবই না পাওয়া, বইয়ে নানা ভুল ও অসংগতি থাকা এমনকি পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়েও নানা অভিযোগের খবর পাওয়া যায়। এসব কারণে দেশের সার্বিক শিক্ষার মানে যেমন নেতিবাচক প্রভাব পড়ছে, তেমনি শিক্ষার্থী ও অভিভাবকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

আওয়ামী সরকারের সময়ে শিক্ষাব্যবস্থার ধ্বংসাত্মক চিত্রকে ঢাকার চেষ্টা প্রসঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান আমার দেশকে বলেন, সরকারের সফলতা দেখানোর জন্য যত ইনডিকেটর আছে, তার মধ্যে অন্যতম শিক্ষা। সেজন্য সে সময়ে ফুলিয়ে ফাঁপিয়ে ফল প্রকাশ করা হয়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে এলে শিক্ষার অটোমেটিক উন্নতি হবে। শিক্ষার্থীরাও পড়ার টেবিলে বসতে বাধ্য হবে।

শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠানের চিত্র

আগের দুই বছরের ধারাবাহিকতায় এবারের এইচএসসি পরীক্ষায়ও কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আবুল কাসেম স্কুল অ্যান্ড কলেজ থেকে কেউই পাস করেননি। কলেজটির মানবিক বিভাগ থেকে সাতজন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন। এর আগে ২০২৫ সালে ছয়জন এবং ২০২৪ সালে দুজন পরীক্ষায় অংশ নিয়েছিলেন, তাদের কেউ পাস করতে পারেননি। অর্থাৎ, গত তিন বছরে সবাই অকৃতকার্য হয়েছেন।

একইভাবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ এবং জিনোদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ থেকেও কেউ পাস করতে পারেননি। পর্যাপ্ত শিক্ষক না থাকা, নন-এমপিও শিক্ষক দিয়ে কোনোমতে পাঠদান চালানো এবং মানসম্মত ও নিয়মিত শিক্ষার্থী না পাওয়াই এই বিপর্যয়ের মূল কারণ বলে দাবি করেছেন প্রতিষ্ঠানপ্রধানরা।

সূত্রমতে, গত ছয় বছরে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। বিশেষ করে গত দুই বছরে এই সংখ্যা বেশি। ২০২১ সালে শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠান ছিল মাত্র ১৮টি। পর্যায়ক্রমে বেড়ে ২০২২ সালে ৫০টি, ২০২৩ সালে ৪৮টি, ২০২৪ সালে ৫১টি, ২০২৫ সালে ১৩৪টি এবং ২০২৬ সালে ৩১২টি হয়েছে।

এ বছর শূন্য পাস ৩১২টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৭টি সাধারণ শিক্ষা বোর্ডের, ২২৬টি মাদরাসা বোর্ডের এবং ২৯টি কারিগরি বোর্ডের অধীন। এছাড়া ঢাকা বোর্ডে (বিদেশি কেন্দ্রসহ) ৬টি, দিনাজপুর ১৮টি, যশোর ১১টি, চট্টগ্রাম ৮টি, রাজশাহী ৫টি, বরিশাল ৫টি এবং ময়মনসিংহ বোর্ডে ৪টি। কুমিল্লা ও সিলেট বোর্ডে কোনো ‍শূন্য পাস প্রতিষ্ঠান ছিল না।

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল বিশ্লেষণে দেখা গেছে, ২০২১ সালে মাত্র ৫টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেননি। ২০২২ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫০টিতে। পর্যায়ক্রমে ২০২৩ সালে ৪২টি, ২০২৪ সালে ৬৫টি, ২০২৫ সালে ২০২টি এবং সর্বশেষ ২০২৬ সালে ২৯৩টি।

শিক্ষাএবার শূন্য পাস প্রতিষ্ঠানের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ১৮১টি, মাদরাসা শিক্ষা বোর্ডের ৫৫টি এবং কারিগরি বোর্ডের ৫৭টি। এছাড়া ঢাকা বোর্ডে ২৬টি, দিনাজপুরে ৪৯টি, রাজশাহী ৩৯টি, ময়মনসিংহ ১৯টি, যশোর ১৬টি, কুমিল্লা ১৫টি, বরিশাল ১১টি, চট্টগ্রাম ৩টি এবং সিলেট বোর্ডে ৩টি।

পাসের হারে ভয়াবহ অবনতি

এসএসসি ও এইচএসসিতে পাসের হারে ব্যাপক অবনতির বিষয়টিও সংশ্লিষ্ট মহলকে বেশ ভাবাচ্ছে। গত চার বছরের ফল বিশ্লেষণে দেখা গেছে, আওয়ামী সরকারের পতনের আগের বছর ২০২৩ সালে এসএসসি ও সমমানে পাসের হার ছিল ৮০.৩৯%। জিপিএ ৫ পাওয়ার সংখ্যা ছিল ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। সরকার পতনের বছর ২০২৪ সালে পাসের হার ২.৬৫% বেড়ে ৮৩.০৪% হয়। ওই বছর জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা কিছুটা কমে ১ লাখ ৮২ হাজার ১২৯ জনে দাঁড়ায়।

অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালে পাসের হার ১৪.৫৯% কমে ৬৮.৪৫% হয়। জিপিএ ৫ পায় ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। আর বর্তমান সরকারের সময়ে ২০২৬ সালের পরীক্ষায় পাসের হার ৬.২০% কমে দাঁড়ায় ৬২.২৫%। জিপিএ ৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।

অপরদিকে গত চার বছরে এইচএসসি ও সমমান পরীক্ষার গড় পাসের হার ক্রমান্বয়ে কমে ৭৮.৬৪ শতাংশ থেকে ৫২.১২ শতাংশে নেমে এসেছে। বিশেষ করে ২০২৬ সালের পাসের হার গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন রেকর্ড হয়েছে।

২০২৩ সালে পাসের হার ছিল ৭৮.৬৪%। জিপিএ ৫ পাওয়ার সংখ্যা ছিল ৯২ হাজার ৫৯৫ জন। ২০২৪ সালে (৬টিতে সাবজেক্ট ম্যাপিংয়ে নম্বর দেয়া হয়) পাসের হার ছিল ৭৭.৭৮%। জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা ছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। ২০২৫ সালে পাসের হার ১৮.৯৫% কমে ৫৮.৮৩% হয়। ওই বছর জিপিএ ৫ পান ৬৯ হাজার ৯৭ জন। সর্বশেষ ২০২৬ সালে পাসের হার আরো ৬.৭১% কমে ৫২.১২% হয়েছে। এবার জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা ৪০ হাজার ৮৪ জন।

এ বছর ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অনুত্তীর্ণ হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। এর মধ্যে ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী এক বা দুই বিষয়ে ফেল করেছেন।

মানহীন শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

পাসের হার শূন্য কিংবা আশঙ্কাজনকভাবে কম এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনতে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের ফল প্রকাশের দিন তিনি বলেন, শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে সরকার সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। প্রয়োজনে এসব প্রতিষ্ঠানকে পাশের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা যায় কি না, তাও বিবেচনা করা হবে। তবে শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের চাকরি যাবে না বলে আশ্বস্ত করেন শিক্ষামন্ত্রী।

এছাড়া এবারের ফল সন্তোষজনক হয়নি উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে আলোচনা করে আগামী দিনে ভালো করার চেষ্টা করা হবে। কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে। এজন্য শিক্ষক ও অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে।

শিক্ষাএ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, আমরা শূন্য পাস প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সাক্ষাৎকার নিয়েছি। তাদের বিগত ৫ বছরের তথ্য ও অভিজ্ঞতা জেনেছি। এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী রোববার বোর্ডের মিটিং অনুষ্ঠিত হবে। তিনি আরো জানান, এসব শূন্য পাস ও ভুঁইফোঁড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকার বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে। পাশের বড় প্রতিষ্ঠানের সঙ্গে এগুলোকে একীভূত করাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আলিমে শূন্য পাসের তালিকায় থাকা নাটোরের একটি মাদরাসার চিত্র তুলে ধরে মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান জানান, সেখানে ২৩ জন পরীক্ষার্থীর কেউ পাস করেনি। অথচ প্রতিষ্ঠানটিতে নিয়োজিত ৪০ জনবলের পেছনে বছরে ২ কোটি টাকা খরচ হয় সরকারের।

তিনি বলেন, শূন্য পাস হওয়া বেশিরভাগ মাদরাসার পরীক্ষার্থী সংখ্যা ২০ জনের নিচে। এমনকি চারটিতে একজন করে পরীক্ষার্থী ছিল। এত কম শিক্ষার্থীর কারণেই ঠিকমতো ক্লাস বা পরীক্ষার প্রস্তুতি হয়নি। এসব প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে এমপিও বন্ধ বা পাশের প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করার প্রস্তাব করা হতে পারে বলে তিনি জানান। মাদরাসা বন্ধ করা হলে সেখানে কারিগরি প্রতিষ্ঠান করা যেতে পারে বলেও তিনি মত প্রকাশ করেন। সারা দেশের মাদরাসায় পড়ালেখার মান বাড়াতে মতবিনিময় করা হচ্ছে বলে জানান মাদরাসা বোর্ড চেয়ারম্যান।

শিক্ষার মান বাড়াতে বিশেষজ্ঞদের পরামর্শ

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মনজুর আহমদ বলেন, মাধ্যমিক শিক্ষার বর্তমান পরিবেশে মানসম্মত শিক্ষার সক্ষমতা নেই। এই মান ভালো করতে সামগ্রিকভাবে পদক্ষেপ নিতে হবে। আমরা চাই সব শিক্ষার্থী কৃতকার্য হোক। তা না হলে সেটা শিক্ষাব্যবস্থার ব্যর্থতা, শিক্ষার্থীর নয়। সেভাবে চিন্তা করে এগোতে হবে।

শিক্ষাবিদ অধ্যাপক মোহা. হাছানাত আলী বলেন, বিগত ১৮ বছরে এসএসসি-এইচএসসিতে অতি মূল্যায়ন শিক্ষার্থীদের শিক্ষাবিমুখ করেছে। এ অবস্থা থেকে বের হয়ে আসতে গোটা শিক্ষাব্যবস্থা নিয়ে নতুনভাবে ভাবতে হবে। শিক্ষায় পর্যাপ্ত বাজেট বরাদ্দ, মেধাবী শিক্ষক নিয়োগ ও তাদের প্রশিক্ষণের ব্যবস্থা, শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাসমুখী করা, শর্টকাট কোচিং থেকে বের হয়ে আসাসহ শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বর্তমান সরকার মানসম্মত শিক্ষা নিশ্চিতে নানা পদক্ষেপ নিচ্ছে জানিয়ে অধ্যাপক আক্তারুজ্জামান জানান, এখন থেকে শিক্ষক নিয়োগ পাওয়ার পর ট্রেনিং নিয়েই ক্লাসে যেতে হবে। শিক্ষাকে আনন্দময় করা, খেলাধুলা, এআই ও কারিগরি বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাসে যেতে বাধ্য হবে বলে তিনি উল্লেখ করেন।

অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পরীক্ষাব্যবস্থা প্রায় ধ্বংস করা হয়েছিল। বর্তমান সরকার সে অবস্থা থেকে উত্তরণের চেষ্টা চালাচ্ছে, সে কারণে প্রকৃত নম্বর প্রাপ্তির ভিত্তিতেই ফল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের লেখাপড়ার দিকে আরো বেশি মনোনিবেশের পাশাপাশি শিক্ষকদের শ্রেণিতে আন্তরিকতার সঙ্গে পাঠদান নিশ্চিত করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...