বাহরাইনে যুক্তরাষ্ট্রের আগাম সতর্কীকরণ রাডার স্থাপনায় হামলা চালানোর ইরানের দাবি প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শুক্রবার ইরানের ছোড়া দুটি আক্রমণকারী ড্রোন ভূপাতিত করেছে তারা। তবে এতে কেউ হতাহত হননি এবং কোনো স্থাপনার ক্ষয়ক্ষতিও হয়নি।
অন্যদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, দক্ষিণ ইরানে টেলিযোগাযোগ স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
ওয়াশিংটন ডিসি থেকে আলজাজিরার প্রতিবেদক অ্যালান ফিশার বলেন, হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরান—কোনো পক্ষের দাবিই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আইআরজিসি এক ধরনের দাবি করছে। অন্যদিকে সেন্টকম বলছে, ইরানের দিকে এগিয়ে আসা দুটি একমুখী আক্রমণকারী ড্রোন তারা ভূপাতিত করেছে।
তেহরান থেকে আলজাজিরার আরেক প্রতিবেদক রেসুল সারদার বলেন, দক্ষিণ ইরানের সামরিক স্থাপনাগুলোতে থাকা টেলিযোগাযোগ নেটওয়ার্কে যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে হামলা চালিয়েছে। তবে এত দিন ইরান এর জবাবে আঞ্চলিক দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলা চালায়নি।
রেসুল সারদার বলেন, ‘এবারই প্রথম ইরান এ ধরনের হামলা চালাল। এখন প্রশ্ন হচ্ছে, প্রতিবেশী দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে ইরান হামলা অব্যাহত রাখবে কি না। এমনটি হলে যুদ্ধের আরেকটি দফা শুরু হতে পারে।’
আইআরজিসির হামলার দাবি সামনে আসে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার একটি প্রতিবেদনের কয়েক ঘণ্টা পর। বৃহস্পতিবার ইরনার প্রতিবেদনে সরকারি সূত্রের বরাত দিয়ে বলা হয়, হরমোজগান প্রদেশের বন্দরনগরী সিরিকে ‘শত্রুপক্ষের গোলাবর্ষণে’ আঘাত করা হয়েছে।
আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি ওই হামলাকে ‘গুরুতর সতর্কবার্তা’ হিসেবে উল্লেখ করে। তাদের ভাষ্য, হরমুজ প্রণালিতে ধারাবাহিক আকাশপথের উসকানি এবং তেল চোরাচালান বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এ ধরনের লঙ্ঘন ও আগ্রাসী কর্মকাণ্ড আবার ঘটলে আইআরজিসির মহাকাশ বাহিনী কোনো সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা ব্যবস্থা নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আইআরজিসি-সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনে বলা হয়, বাহিনীর মহাকাশ শাখা ওই রাডার স্থাপনাকে লক্ষ্যবস্তু করে ধ্বংস করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শুরুর পর এই প্রথম উপসাগরীয় কোনো দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলার দাবি করল ইরান।
এদিকে ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি জোরদার করতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে ইসরাইলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম, এমনকি সরকারি সম্প্রচারমাধ্যম কানও এ খবর জানিয়েছে।
ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন করে যুদ্ধ শুরু করলে পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত যেসব সামরিক ঘাঁটি ওই যুদ্ধে যুক্ত থাকবে, সবই ইরানের হামলার বৈধ লক্ষ্যবস্তু হবে।
গত সেপ্টেম্বর প্রকাশিত পেন্টাগনের মহাপরিদর্শকের এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের প্রথম চার মাসে আটটি দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে ইরানের হামলায় শত শত ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এসব দেশের মধ্যে বাহরাইনও রয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটি প্রায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাতারের দেওয়া কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে তিনি আবারও যুদ্ধে ফিরতে প্রস্তুত। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর অবস্থান কিছুটা ভিন্ন।
তার মতে, ইরানের ওপর অর্থনৈতিক চাপ যথেষ্ট কার্যকর হচ্ছে। এ কারণে বড় ধরনের সামরিক অভিযান আবার শুরু করার প্রয়োজন নেই।
বুধবার আলজাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যুদ্ধের আগের অবস্থায় আর কখনোই ফিরে যাবে না হরমুজ প্রণালি। তিনি বলেন, ‘এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে।’
এদিকে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ কঠোরভাবে কার্যকর রাখার কথা জানিয়েছে সেন্টকম। তাদের দাবি, এ অবরোধ বাস্তবায়নে মার্কিন বাহিনী এখনো কঠোর অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


