কক্সবাজারকে আমরা কেবল ১২০ কিলোমিটার দীর্ঘ সমুদ্রসৈকত ও পর্যটন কেন্দ্র হিসেবেই চিনে থাকি। অথচ এই জেলাটি বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক চালিকাশক্তি বা ‘ব্লু-ইকোনমি’র মূল কেন্দ্র। আন্তর্জাতিক ট্যুরিজম কেন্দ্র থেকে শুরু করে গভীর সমুদ্রে গ্যাস ও খনিজ সম্পদ—সব মিলিয়ে এটি অপার সম্ভাবনার এক ভূখণ্ড। সাম্প্রতিক একটি ঘটনা এই সম্ভাবনার দিকটি নতুন করে সামনে এনেছে।
সম্প্রতি কক্সবাজারের ইনানীতে একটি সাধারণ নলকূপ বসাতে গিয়ে ভূগর্ভস্থ গ্যাসের সন্ধান মিলেছে এবং সেখানে এখনো আগুন জ্বলছে। এর আগেও এমন ঘটনা ঘটেছে। প্রশ্ন হলো—আর কত জায়গায় দুর্ঘটনাবশত আগুন জ্বললে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হুঁশ হবে? কেন দেশের প্রাকৃতিক সম্পদ এভাবে উন্মুক্ত পড়ে থাকবে? একপাশে অবহেলিত সম্পদ, অন্যপাশে প্রশাসনিক উদাসীনতা—এই দুইয়ের মাঝে পিষ্ট হচ্ছে কক্সবাজার। প্রতিবেশী দেশ বাংলাদেশ সীমান্ত থেকে গ্যাস উত্তোলন করে রপ্তানি করছে। গ্যাস উত্তোলন ও রপ্তানিতে মিয়ানমার সফল হলেও আমাদের নীতিনির্ধারকেরা গ্যাস অনুসন্ধান বাদ দিয়ে আমদানিনির্ভর হয়ে পড়েছেন।
বর্তমানে দেশে গ্যাসের তীব্র সংকটে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে। বাংলাদেশে একধরনের সিন্ডিকেট বাণিজ্য শেকড় গেড়েছে। এই সুযোগসন্ধানীরা দেশীয় সম্পদের খোঁজ না করে কমিশন বাণিজ্যের স্বার্থে আমদানি করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। আমদানিনির্ভর পুরোনো সংস্কৃতি থেকে আমাদের অবিলম্বে বেরিয়ে আসতে হবে। শুরু করতে হবে বিভিন্ন সেক্টরে গবেষণা ও প্রাকৃতিক তেল-গ্যাস অনুসন্ধান প্রক্রিয়া।
অপার সম্ভাবনার এই জনপদ কক্সবাজার আজ নানামুখী সংকটে জর্জরিত। প্রথমত, ১২ লক্ষাধিক রোহিঙ্গার চাপ স্থানীয় জনমিতি ও সামাজিক নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলেছে। দ্বিতীয়ত, অপরিকল্পিত রিসোর্ট নির্মাণ, পাহাড় কাটা এবং বনভূমি ধ্বংসের ফলে হিমছড়ি ও টেকনাফের পরিবেশ আজ ধ্বংসের মুখে। তৃতীয়ত, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কুতুবদিয়া ও মহেশখালীর মতো দ্বীপগুলো ক্রমাগত সমুদ্রগর্ভে বিলীন হচ্ছে। এর বাইরে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও মাদকের বিস্তার আইনশৃঙ্খলা রক্ষায় বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।
কক্সবাজারকে টিকিয়ে রাখতে হলে খণ্ডিত সিদ্ধান্তে কাজ হবে না—দরকার একটি সমন্বিত মাস্টার প্ল্যান। গ্যাস অনুসন্ধানের পাশাপাশি সৈকত, পাহাড় ও বনাঞ্চল রক্ষায় পরিবেশ আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান করতে হবে।
লেখক : সাংবাদিক
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


