মাদকবিরোধী অভিযানে কয়েকজন খুচরা বিক্রেতা গ্রেপ্তার, কিছু মাদক উদ্ধার কিংবা একজন মন্ত্রীর পদত্যাগ— এসব দৃশ্যমান ঘটনা জনমনে সাময়িক স্বস্তি তৈরি করতে পারে। মাদকের যে বিপুল অর্থের প্রবাহ এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ে, যে অর্থের ভাগ নিয়ে গড়ে ওঠে অপরাধের সাম্রাজ্য, যে সাম্রাজ্য স্থানীয় রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক দুর্বলতা, দুর্নীতি এবং আন্তর্জাতিক অপরাধী নেটওয়ার্কের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে, তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা দরকার। কারণ, তাদের অর্থনৈতিক সাম্রাজ্য, সুরক্ষাদানকারী নেটওয়ার্ক এবং অবৈধ সম্পদের উৎস যদি অক্ষত থাকে, তাহলে মাদকের মহারথীদের কাছে একজন মন্ত্রীর পদত্যাগ নস্যি হয়ে যেতে পারে।
মাদক ব্যবসাকে শুধু আইনশৃঙ্খলার সমস্যা হিসেবে দেখলে এর প্রকৃত ব্যাপ্তি বোঝা যাবে না। এটি একই সঙ্গে একটি লাভজনক অবৈধ অর্থনীতি, সংঘবদ্ধ অপরাধের কাঠামো, জনস্বাস্থ্যের সংকট এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে প্রভাবিত করার সম্ভাব্য হাতিয়ার। মাদকাসক্ত তরুণের হাতে যে মাদক পৌঁছায়, তার পেছনে থাকে উৎপাদন, সংগ্রহ, পরিবহন, সীমান্ত পারাপার, পাইকারি বিতরণ, খুচরা বিক্রি এবং অর্থের হিসাব মেলানোর একাধিক ধাপ। গ্রেপ্তার হওয়া শেষ ধাপের বিক্রেতা হয়তো এই শৃঙ্খলের সবচেয়ে দুর্বল সদস্য। অথচ বিপুল মুনাফার নিয়ন্ত্রকেরা থেকে যায় আড়ালেই।
মাদকের অর্থনীতি অপরাধের আড়ালে এক বিপুল মুনাফার ভান্ডার। জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের (ইউএনওডিসি) ‘বিশ্ব ড্রাগ রিপোর্ট ২০২৫’ অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বে ১৫ থেকে ৬৪ বছর বয়সি প্রায় ৩১ কোটি ৬০ লাখ মানুষ মাদক ব্যবহার করেছে। একই প্রতিবেদনে মাদক পাচারকে সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীর বিপুল আয়ের উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব গোষ্ঠীর কার্যক্রম সহিংসতা ও দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সামাজিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
মাদক ব্যবসার অর্থনৈতিক শক্তি বোঝার জন্য একটি বিষয় মনে রাখা জরুরি—মাদকদ্রব্যের খুচরা বিক্রয়মূল্য আর মূল নিয়ন্ত্রকদের মুনাফা এক নয়। উৎপাদক, আন্তর্জাতিক সরবরাহকারী, সীমান্তপারের পরিবহনকারী, পাইকারি বিক্রেতা, স্থানীয় পরিবেশক ও খুচরা বিক্রেতার মধ্যে অর্থ ভাগ হয়। এই শৃঙ্খলের ওপরের দিকে যারা থাকে, তারা তুলনামূলকভাবে বেশি মুনাফা নিয়ন্ত্রণ করতে পারে। অপরাধী গোষ্ঠীগুলো কখনো কখনো পরিবহন, অর্থ পাচার কিংবা দুর্নীতির মতো নির্দিষ্ট কাজের জন্য পৃথক সহযোগী নেটওয়ার্কও ব্যবহার করে। ফলে একজন অপরাধীকে গ্রেপ্তার করলেই পুরো ব্যবসা ভেঙে পড়ে না।
মাদকের অর্থ শেষ পর্যন্ত কোথায় যায়, সেটিই হওয়া উচিত অনুসন্ধানের কেন্দ্রবিন্দু। অপরাধলব্ধ অর্থ দিয়ে জমি, বাড়ি, দোকান, পরিবহন ব্যবসা কিংবা অন্য বৈধ ব্যবসায় বিনিয়োগ করা হতে পারে। কখনো প্রকৃত মালিকানা আড়াল করতে অন্যের নামে সম্পদ রাখা, ভুয়া লেনদেন দেখানো বা বিভিন্ন মধ্যস্থতাকারীর সাহায্য নেওয়ার ঝুঁকিও থাকে। মাদক ব্যবসার সবচেয়ে বিপজ্জনক দিক হলো, অবৈধ অর্থ কেবল সম্পদ বাড়ায় না, এটি প্রভাব বিস্তারের সামর্থ্যও তৈরি করে। অর্থের বিনিময়ে কোনো কর্মকর্তা অপরাধ উপেক্ষা করলে, কোনো রাজনৈতিক ব্যক্তি অপরাধীকে আশ্রয় দিলে কিংবা কোনো প্রভাবশালী ব্যক্তি তদন্ত থামানোর চেষ্টা করলে মাদক ব্যবসার ঝুঁকি কমে যায়।
স্থানীয় থেকে বৈশ্বিক অবস্থানে মাদক ব্যবসা সুরক্ষার সম্ভাব্য নেটওয়ার্ক বিস্তৃত। সেজন্য মাদক ব্যবসার বিস্তার স্থানীয় বাজারে সীমাবদ্ধ নয়। সীমান্তবর্তী অঞ্চল, আন্তর্জাতিক পরিবহনব্যবস্থা, যোগাযোগপ্রযুক্তি এবং আন্তর্দেশীয় অর্থনৈতিক লেনদেনের সুযোগ অপরাধী নেটওয়ার্ককে বিভিন্ন দেশের সঙ্গে যুক্ত করতে পারে। বাংলাদেশের ক্ষেত্রেও সীমান্তপথে মাদক প্রবেশ, দেশের অভ্যন্তরে বিতরণ এবং অবৈধ অর্থের উৎস অনুসন্ধান গুরুত্বপূর্ণ। কিন্তু এসব অপরাধের সঙ্গে কারা জড়িত, কোন পথে অর্থ যাচ্ছে এবং কোথায় সুরক্ষা দেওয়া হচ্ছে, তা প্রমাণসাপেক্ষ অনুসন্ধানের বিষয়।
মাদকের মাফিয়াচক্র যদি স্থানীয় প্রভাবশালী ব্যক্তি থেকে শুরু করে প্রশাসনিক বা রাজনৈতিক স্তরের কারো কাছে নিয়মিত অবৈধ অর্থ পৌঁছে দিয়ে ব্যবসা চালাতে পারে, তাহলে তা কার্যত অপরাধের ওপর এক ধরনের অনানুষ্ঠানিক করব্যবস্থা তৈরি করে। অর্থাৎ, অপরাধী নিজের অবৈধ ব্যবসা চালু রাখার জন্য সম্ভাব্য সুরক্ষাদাতাদের পেছনে অর্থ ব্যয় করে।
তাই মাদকবিরোধী অভিযানে শুধু মাদক বহনকারী কিংবা বিক্রেতাকে শনাক্ত করলে চলবে না। তদন্ত করতে হবে সরবরাহের উৎস, অর্থের মালিকানা, পরিবহনব্যবস্থা, যোগাযোগের নেটওয়ার্ক এবং সন্দেহজনক আর্থিক লেনদেন। প্রয়োজন হলে সংশ্লিষ্ট দেশের আইন প্রয়োগকারী সংস্থা, আর্থিক গোয়েন্দা ইউনিট এবং আন্তর্জাতিক সহযোগী সংস্থার সহায়তা নিতে হবে। অপরাধের অর্থ যদি দেশের বাইরে চলে যায়, তাহলে শুধু দেশের ভেতরে অভিযান চালিয়ে পুরো অর্থনৈতিক শৃঙ্খল ভাঙা কঠিন।
তাই একজন উপমন্ত্রীর পদত্যাগ এখানে যথেষ্ট নয়। ধরা যাক, মাদক পরিস্থিতির অবনতির দায় নিয়ে একজন মন্ত্রী পদত্যাগ করলেন। এতে রাজনৈতিক জবাবদিহিতার একটি বার্তা যেতে পারে। সরকারও জনরোষ প্রশমনের সুযোগ পেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এতে মাদক সরবরাহ বন্ধ ও অপরাধীদের অবৈধ সম্পদ জব্দ হলো কি? তাদের সুরক্ষাদাতাদের বিরুদ্ধে তদন্ত শুরু হলো কি? মামলা ও বিচার এগোল কি? নতুন করে একই ব্যবসা পরিচালনার সক্ষমতা ধ্বংস হলো কি?
এসব প্রশ্নের উত্তর নেতিবাচক হলে পদত্যাগ মূলত প্রতীকী পদক্ষেপেই সীমাবদ্ধ থাকবে। একজন মন্ত্রীর পদত্যাগ রাজনৈতিক দায়ের স্বীকৃতি হতে পারে, কিন্তু তা নিজে থেকে অপরাধের অর্থনীতি ধ্বংস করে না। বরং অপরাধী গোষ্ঠী যদি বিপুল অর্থ, বিকল্প যোগাযোগ, নতুন সরবরাহকারী এবং সুরক্ষার নতুন পথ ধরে রাখতে পারে, তাহলে একজন মন্ত্রীর বিদায় তাদের ব্যবসায় সামান্য প্রভাবও ফেলে না।
এজন্য বাংলাদেশে করণীয় হচ্ছে, আমাদের অভিযান থেকে দ্রুত অর্থনৈতিক অনুসন্ধানে যেতে হবে। বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সংস্থাগুলোর কাজের পাশাপাশি আর্থিক অপরাধ তদন্তে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনগুলো এ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক তথ্যের একটি গুরুত্বপূর্ণ উৎস।
প্রথমত, মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার, উদ্ধার ও মামলার সংখ্যার পাশাপাশি বড় সরবরাহকারী শনাক্তকরণ, অবৈধ সম্পদ অনুসন্ধান এবং বিচারিক অগ্রগতির পরিমাপযোগ্য সূচক প্রকাশ করতে হবে।
দ্বিতীয়ত, সন্দেহজনক সম্পদ ও লেনদেনের তদন্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, কাস্টমস, দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে।
তৃতীয়ত, অপরাধলব্ধ সম্পদের প্রকৃত মালিকানা শনাক্ত করতে হবে। কোনো ব্যক্তির নামে সম্পদ থাকলেই তিনি অপরাধী, এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না। আবার প্রভাবশালী ব্যক্তির নামে সম্পদ নেই বলে অনুসন্ধান থেমে থাকাও গ্রহণযোগ্য নয়। আইনি প্রক্রিয়ায় প্রকৃত মালিকানা, আয়ের বৈধ উৎস এবং সম্পদ অর্জনের সময়কাল যাচাই করতে হবে। প্রমাণের ভিত্তিতে আদালতের নির্দেশে সম্পদ জব্দ, বাজেয়াপ্ত বা পুনরুদ্ধারের ব্যবস্থা নিতে হবে।
চতুর্থত, মাদক ব্যবসার সঙ্গে কোনো রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা বা আইন প্রয়োগকারী সংস্থার সদস্যের যোগসাজশের বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেলে স্বাধীন তদন্ত করতে হবে। পদমর্যাদা যেন তদন্তে বাধা না হয়। অভিযোগের সত্যতা যাচাইয়ের আগে কাউকে অপরাধী ঘোষণা করা যাবে না; একইভাবে ক্ষমতাবান বলে কাউকে তদন্তের বাইরে রাখাও চলবে না।
পঞ্চমত, সীমান্ত ব্যবস্থাপনায় গোয়েন্দা তথ্যবিনিময়, সন্দেহজনক চালান শনাক্তকরণ এবং আন্তর্দেশীয় অর্থ পাচারের অনুসন্ধান জোরদার করতে হবে। একই সঙ্গে মাদকাসক্ত ব্যক্তিকে কেবল অপরাধী হিসেবে বিবেচনা না করে চিকিৎসা, পুনর্বাসন, পরিবারভিত্তিক সহায়তা এবং কর্মসংস্থানের সুযোগ দিতে হবে। চাহিদা কমানোর ব্যবস্থা ছাড়া শুধু সরবরাহ দমনের অভিযান দীর্ঘ মেয়াদে পর্যাপ্ত হবে না।
ষষ্ঠত, মাদকবিরোধী কার্যক্রমে রাজনৈতিক সদিচ্ছার প্রমাণ দিতে হবে স্বচ্ছতা দিয়ে। নিয়মিত অগ্রগতি প্রতিবেদন, স্বাধীন নিরীক্ষা, অভিযোগ জানানোর নিরাপদ ব্যবস্থা এবং তদন্তে হস্তক্ষেপের অভিযোগ যাচাইয়ের মাধ্যমে জনগণের আস্থা বাড়ানো সম্ভব।
মাদকবিরোধী লড়াইয়ে সরকারের সাফল্য নির্ভর করবে অপরাধীদের কতটা ভয় দেখানো হলো, শুধু তার ওপর নয়; বরং তাদের অবৈধ মুনাফা কতটা বন্ধ করা গেল, সুরক্ষার নেটওয়ার্ক কতটা ভাঙা গেল এবং তরুণদের মাদক থেকে দূরে রাখার জন্য কতটা কার্যকর ব্যবস্থা নেওয়া হলো, তার ওপর।
মাদকের অর্থনৈতিক সাম্রাজ্য ভাঙতে এর মহারথীদের বিরুদ্ধে লড়াইয়ে রাজনৈতিক বক্তব্যের চেয়ে গুরুত্বপূর্ণ হলো অর্থের হিসাব, অপরাধের প্রমাণ এবং আইনের নিরপেক্ষ প্রয়োগ। কোনো মন্ত্রী পদত্যাগ করলেন কি না, সেটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। কিন্তু মাদকের অর্থ যদি অপরাধীদের হাতে থেকে যায়, অবৈধ সম্পদ অক্ষত থাকে এবং সুরক্ষাদাতারা জবাবদিহিতার বাইরে থাকেন, তাহলে মাদক সাম্রাজ্যের ভিত নড়ে না।
সুতরাং মাদকের বিরুদ্ধে প্রকৃত যুদ্ধ শুরু হবে তখনই, যখন খুচরা বিক্রেতার হাতকড়া থেকে তদন্ত এগিয়ে যাবে মুনাফার নিয়ন্ত্রক, অর্থ পাচারকারী এবং প্রমাণিত সুরক্ষাদাতাদের দরজায়। পদত্যাগের প্রতীকী মূল্য আছে, কিন্তু অপরাধের অর্থনৈতিক শিকড় উপড়ে ফেলার বিকল্প নেই। মাদকের মহারথীদের কাছে মন্ত্রীর পদত্যাগ উপহাস ও নস্যি হয়ে থাকবে ততদিন— যতদিন রাষ্ট্র তাদের অর্থের উৎস, অবৈধ সম্পদ এবং অপরাধের নেটওয়ার্কে চারদিক থেকে আঘাত হানতে ব্যর্থ হবে।
লেখক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন
fakrul@ru.ac.bd
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



