বহিষ্কার হয়েও পরীক্ষা দিলেন জুলাই হামলায় অভিযুক্ত জাবি ছাত্রলীগ ক্যাডার

বহিষ্কার হয়েও পরীক্ষা দিলেন জুলাই হামলায় অভিযুক্ত জাবি ছাত্রলীগ ক্যাডার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার দায়ে সাময়িক বহিষ্কৃত পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের ক্যাডার মো. আদনান সাইফ পরীক্ষায় অংশ নিয়েছেন।

রোববার (৪ মে) তৃতীয় বর্ষের ৩০৬ নম্বর ‘নিউক্লিয়ার ফিজিকস’ কোর্সের পরীক্ষায় ‘রিপিটার’ হিসেবে অংশ নেন তিনি। এর আগে তিনি ভাইবাতেও অংশ নেন।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি জুলাই আন্দোলনে হামলার অভিযোগে ২৫৯ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই বহিষ্কারের আওতায় পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ১৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ৮ নম্বর তালিকায় মো. আদনান সাইফের নামও আছে।

বহিষ্কারের পরও পরীক্ষায় অংশ নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পদার্থবিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষার্থী।

নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, এই সময়ে এসে আমাদের ওপর হামলাকারী একজনের সাথে পরীক্ষায় অংশ নিতে হচ্ছে যা আমাদের জন্য লজ্জাজনক। ছাত্রলীগের নেতাকর্মীদের শিক্ষার্থীদের একটা অংশ শেল্টার দিচ্ছে।

জানতে চাইলে পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ওবায়দুর রহমান বলেন, আমি তার বহিষ্কারের বিষয়ে জানি না। প্রশাসন থেকে বিভাগের সভাপতি বরাবর চিঠি আসে।

পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সালাউদ্দিন বলেন, ওই শিক্ষার্থী (সাইফ) পরীক্ষা দিয়েছে কি না বলতে পারব না। তবে আজ সকালে ওই শিক্ষার্থী ও তার সহপাঠীরা মিলে আমার কাছে আসছিল। সে হামলাকারী না বলে জানায় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সে অংশগ্রহণ করেছিল, এমন ছবিও আমাকে দেখিয়েছে। সঙ্গে একটি অ্যাপ্লিকেশনও দিয়েছে। আমি সেগুলো উপাচার্যের কাছে পাঠিয়ে দিয়েছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন