আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

২৭তম বিসিএস কর্মকর্তাদের বিলম্বে যোগদান অনাকাঙ্ক্ষিত: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার

২৭তম বিসিএস কর্মকর্তাদের বিলম্বে যোগদান অনাকাঙ্ক্ষিত: শিক্ষামন্ত্রী

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২৭তম বিসিএস শিক্ষা ক্যাডারের নবনিযুক্ত কর্মকর্তাদের অংশগ্রহণে ২০৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সভাপতিত্ব করেন নায়েমের মহাপরিচালক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেছেন, দীর্ঘ প্রতীক্ষা ও নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে শিক্ষকতা পেশায় যোগদান করায় তিনি ২৭তম বিসিএস শিক্ষা ক্যাডারের নবনিযুক্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান।

বিজ্ঞাপন

তিনি উল্লেখ করেন, দীর্ঘ বিলম্বের পর তাদের যোগদান দেশের প্রশাসনিক ইতিহাসে একটি অনাকাঙ্ক্ষিত অধ্যায় হিসেবে বিবেচিত হবে। ভবিষ্যতে এ ধরনের বিলম্ব ও অবিচারের পুনরাবৃত্তি না হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

মন্ত্রী বলেছেন, আপনারা জাতির ভবিষ্যৎ নির্মাতা। যাদেরকে আপনারা শিক্ষা দেবেন, তারাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই দায়িত্ব পালনে সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব প্রদর্শন করতে হবে।

তিনি আরো বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বিভাগ এবং শিক্ষকসমাজ একটি অভিন্ন পরিবার। এই পরিবারের দায়িত্বশীল সদস্য হিসেবে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বাংলাদেশ গঠনে শিক্ষকদের সর্বোচ্চ প্রচেষ্টা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন তিনি।

২৭তম বিসিএসের মাধ্যমে নবনিযুক্ত শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের চাকরি স্থায়ী হবার মাধ্যমে দ্রুত পদোন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী । তিনি শিক্ষা খাতকে আরও গতিশীল ও সম্প্রসারিত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সর্বোচ্চ প্রচেষ্টা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন