মতবিনিময় সভায় শিক্ষা উপদেষ্টা

শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ

শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার বলেছেন, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শনিবার নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ মতবিনিময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব অ্যাডুকেশনাল রিসার্চ’র অধ্যাপক ড. মনিনুর রশিদ, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার প্রমুখ।

সভায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক শিক্ষার্থীদের আচরণ, নৈতিকতা ও সামাজিক দক্ষতাকে নথিবদ্ধ করে রাখার প্রস্তাব করেন; যা তার কর্মজীবন বা ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি রেজিস্ট্রার বই থাকা উচিত, যেখানে শিক্ষার্থীদের আচরণ সম্পর্কিত তথ্য লিপিবদ্ধ থাকবে। এটি এখন সময়ের দাবি।

সভার বক্তারা বলেন, শুধু পরীক্ষায় ভালো ফল নয়, একজন শিক্ষার্থীর মধ্যে মানবিকতা, দেশপ্রেম, এবং দায়িত্বশীল নাগরিকত্ব গড়ে তোলাই শিক্ষার আসল উদ্দেশ্য হওয়া উচিত। সভায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা, অভিভাবকদের দায়িত্ব এবং নীতিনির্ধারকদের করণীয় বিষয়গুলো নিয়ে গঠনমূলক মতামত ও সুপারিশ গৃহীত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন