পিএসসি সংস্কারের দাবি

ঢাবির রাজুতে বিসিএস প্রার্থীদের অনশনে সারজিসের সংহতি

ঢাবির রাজুতে বিসিএস প্রার্থীদের অনশনে সারজিসের সংহতি

পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সংস্কারসহ আট দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজুতে আমরণ অনশনে বসা বিসিএস প্রার্থীদের প্রতি সংহতি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে এসে অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেন তিনি। এসময় শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় ২০১৮ সাল থেকে শুরু করে যারা ২৪-এর আন্দোলন করেছ, তাদের কেন গণঅভ্যুত্থানের পরেও আন্দোলনে নামতে হচ্ছে এমন প্রশ্ন তুলে সারজিস আলম বলেন, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলতে চাই, কোটা সংস্কারের জন্য হওয়া আন্দোলনের পর পিএসসির মতো প্রতিষ্ঠানে কোনো সংস্কার হয়নি। সংবাদমাধ্যম ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পেরেছি, আবেদ আলী চক্রসহ বিভিন্ন চক্রের মাধ্যমে কিভাবে পিএসসিতে দুর্নীতি হয়েছে। এছাড়াও যারা প্রশ্ন পেয়ে ৪৬তম বিসিএস পরীক্ষায় পাশ করেছে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি?

পিএসসির যৌক্তিক দাবি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তাদের দাবিগুলো না শুনে উল্টো হামলা করে পিএসসি বেশ প্রহসনের খেলা খেলেছে মন্তব্য করে সার্জিস আলম বলেন, পিএসসিতে আমার সহযোদ্ধাদের উপর যে বা যারা হামলা করেছে, তাদের অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে। তাদের যৌক্তিক দাবি দাওয়া যে প্রক্রিয়ার মাধ্যমে মেনে নেওয়া যায়, সেই প্রক্রিয়া অনুসরণ করতে হবে। যদি পুনরায় গায়ে হাত দেওয়ার মতো কোনো প্রক্রিয়া আসে, তাহলে তার ফলাফল ভিন্ন হবে।

গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিসিএসের সমস্যাগুলোর সমাধান না করাকে এ সরকারের ব্যর্থতা উল্লেখ করে তিনি বলেন, অনশনরত শিক্ষার্থীদের প্রতি আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। ৪৬ তম বিসিএসে যারা প্রশ্নপত্র পেয়ে পরীক্ষায় পাস করেছে, তাদের বাদ না দিয়ে পুনরায় লিখিত পরীক্ষায় বসানো প্রহসনের নামান্তর। এর আগে বিসিএসে রাজনৈতিক যে খেলা হতো, সেই খেলা বন্ধ করতে হবে।

এর আগে গত বৃহস্পতিবার দুপুর ১২টায় পিএসসি সংস্কারের আট দফা দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেন চারজন বিসিএস প্রার্থী। পরে তাদের সাথে সংহতি প্রকাশ করেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাসহ ৩০ এর অধিক বিসিএস প্রার্থী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন