১৫০ শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ প্রকল্প নিয়ে বিজ্ঞান কার্নিভাল শুরু

১৫০ শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ প্রকল্প নিয়ে বিজ্ঞান কার্নিভাল শুরু

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বিএনএমপিসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল-২০২৬’। দেশের স্বনামধন্য ১৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০০টি প্রজেক্ট এতে প্রদর্শিত হচ্ছে।

২৯ অক্টোবর শুরু হওয়া এই বিজ্ঞান উৎসব চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। উৎসবে বিজ্ঞানবিষয়ক অলিম্পিয়াড, দেওয়াল পত্রিকা প্রকাশ, প্রজেক্ট উপস্থাপন, উপস্থিত বক্তৃতা, অ্যানালিটিক্যাল কুইজ, গল্প লিখন ও কম্পিউটার গেমিংসহ নানা ইভেন্টের আয়োজন করা হয়েছে। এছাড়া জাতীয় বিজ্ঞান জাদুঘরের ১টি ফোর-ডি মুভি বাস ও ১টি মিউজিয়াম বাসের মাধ্যমে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন

কার্নিভালের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

দ্বিতীয় দিনের আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা শুধু পরীক্ষায় ভালো ফলাফলের জন্য পড়াশোনা করবে না; জ্ঞানার্জন করবে, নতুন কিছু জানবে এবং নিজের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগাবে। বিজ্ঞানকে ভয় নয়, জানার ও আবিষ্কারের মাধ্যম হিসেবে গ্রহণ করবে। মনে রাখবে, আজকের কৌতূহলী শিক্ষার্থীরাই আগামী দিনের বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবক। তোমাদের হাত ধরেই বাংলাদেশ জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন