আওয়ামী লীগকে পুনর্বাসনের যেকোনো চেষ্টা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার সভাপতি রাকিব মুরাদ। তিনি বলেন, জাতীয় ঐক্যের কথা বলে একদিকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হবে, অন্যদিকে ঐক্যের আহ্বান জানানো হবে—এটি গ্রহণযোগ্য নয়। নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের স্লোগানের মধ্যে ছিল, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’ এবং ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’।
সমাবেশে রাকিব মুরাদ বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সারা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগ গুম, খুন ও হত্যার রাজনীতি করেছে। জুলাই-আগস্টে দুই হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। আমরা আর দেশে ফ্যাসিবাদী রাজনীতি ও নৈরাজ্য ফিরে আসতে দিতে চাই না।
তিনি আরো বলেন, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন কমিটিতে স্থান দেওয়া এবং তাদের সঙ্গে বৈঠকের খবর পাওয়া যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে হবে। প্রয়োজনে জুলাইয়ের মতো আবারও সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবে। কোনো আধিপত্যবাদী শক্তি যেন বাংলাদেশের জনগণের অধিকার দমিয়ে রাখতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে গণভোটের রায় মেনে জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানাই।
সমাবেশে শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ইমরান হোসেন সৌরভ বলেন, ভারত যদি বাংলাদেশকে নিয়ে কোনো ধরনের নোংরা রাজনৈতিক খেলা খেলতে চায়, বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না। জুলাইয়ে যেভাবে ছাত্রসমাজ ও জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল, ভবিষ্যতেও দেশের যেকোনো নৈরাজ্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ যদি আবারও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে, তাহলে ছাত্রসমাজ তা প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকবে। একই সঙ্গে সরকারের প্রতি জাতীয় জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানাই।
এ সময় শাখা ছাত্রশিবিরের অন্যান্য নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

