এসএসসি পরীক্ষা বর্জনের হুমকি জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের

এসএসসি পরীক্ষা বর্জনের হুমকি জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের

ঈদে শতভাগ উৎসব ভাতা প্রদান না করলে এসএসসি ও দাখিল পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এ দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ফের সচিবালয় অভিমুখে পদযাত্রা করার ঘোষণা দিয়েছেন তারা।

বিজ্ঞাপন

সোমবার এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির ২০তম দিন এবং প্রতীকী অনশনের ১১ম দিন পার করেন শিক্ষকরা। অবস্থান কর্মসূচির পাশাপাশি গতকাল দুপুর ১২টা ৪০ মিনিটে সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেন তারা। এতে একাত্মতা ঘোষণা করে এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত বক্তব্য প্রদান করেন।

এ সময় তিনি শতভাগ বাড়িভাড়া, সরকারি নিয়মে বাড়িভাড়া ও মেডিকেল ভাতার দাবি মেনে নেওয়ার জন্য সরকারের নিকট জোর দাবি জানান। শিক্ষকদের পাশে তার দল সবসময় থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকারি নিয়মে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও সর্বজনীন (প্রতিষ্ঠান প্রধান থেকে কর্মচারী পর্যন্ত) বদলির দাবি জানান।

জোটের সদস্য সচিব প্রিন্সিপাল দেলাওয়ার হোসেন আজীজী বলেন, শিক্ষা উপদেষ্টা আমাদের ভাতাসমূহ পরিবর্তনের মৌখিক আশ্বাস দিয়েছেন। কিন্তু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিগণ বারবার প্রতারিত হয়ে আশ্বাসের ওপর বিশ্বাস করে আবারও প্রতারিত হতে চায় না। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন