জট কমিয়ে বছরে একটি বিসিএস শেষ করতে চায় পিএসসি

জট কমিয়ে বছরে একটি বিসিএস শেষ করতে চায় পিএসসি

বিগত দিনের বিশৃঙ্খলা কাটিয়ে ও পরীক্ষা জট কমিয়ে বছরে একটি বিসিএস শেষ করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)। এজন্য রোডম্যাপ তৈরি, নতুন পদ্ধতিতে পরীক্ষার খাতা মূল্যায়নসহ নানা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার বিপিএসসির ৫৩তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং পরে এক প্রেস ব্রিফিংয়ে এসব পরিকল্পনার কথা জানান পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। পিএসসি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং সাংস্কৃতিক পর্ব পরিবেশিত হয়।

বিজ্ঞাপন

পিএসসি চেয়ারম্যান বলেন, পিএসসিতে বিগত তিনটি বিসিএসের জট ছিল। ৭০টি নন-ক্যাডার পরীক্ষার ফল বাকি ছিল। সেগুলোর কাজের পাশাপাশি আমরা নতুন করে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি দিয়েছি। প্রতিষ্ঠান এখন সবচেয়ে গুরুত্ব দিচ্ছে ৪৪তম বিসিএসের ভাইভা। এরই মধ্যে ৫ হাজার পরীক্ষার্থীর ভাইভা নেওয়া হয়েছে। বাকিদের ভাইভা ১৭ জুনের মধ্যে শেষ করে ৩০ জুনের মধ্যে চূড়ান্ত ফলাফল দেওয়া হবে। এ ছাড়া ৪৫তম বিসিএসের কার্যক্রম চলমান আছে। ৪৫তম লিখিত পরীক্ষার ফল ৩০ জুনের মধ্যে দেওয়া হবে। আর ভাইভা শেষ হবে ২২ ডিসেম্বর। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে ৮ মে।

তিনি বলেন, আমরা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করি। একটি চ্যালেঞ্জ হিসেবে দায়িত্ব নিয়েছি। বিসিএস পরীক্ষায় এখন সাড়ে তিন বছর লেগে যায়, যা কমানোর জন্য আমরা কাজ করছি। সার্কুলার সিস্টেমে এক জায়গায় বসে একজন পরীক্ষক একটা প্রশ্ন দেখবেন। এতে স্বচ্ছতা নিশ্চিত হবে। দ্বিতীয় পরীক্ষকের প্রয়োজন হবে না। বার কোড থাকবে খাতায়। এতে পরীক্ষার্থীর রোল ও নাম পরীক্ষকরা জানতে পারবেন না।

পিএসসির সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, পিএসসিকে অনাস্থার জায়গা থেকে আস্থার জায়গায় আনতে চাই। তবে গত ১৫ বছরের জঞ্জাল দ্রুত কমানো সম্ভব নয়।

সভাপতির বক্তব্যে পিএসসির সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া বলেন, বিগত আওয়ামী সরকারের সময়ে প্রতিটি প্রতিষ্ঠান অকার্যকর ছিল। ছাত্ররা জীবন দিয়ে সেই অবস্থা থেকে রক্ষা করেছে। একটি কার্যকর, স্বাধীন, স্বতন্ত্র ও মর্যাদাশীল প্রতিষ্ঠানে রূপ দিতে পিএসসির বিরাট দায়িত্ব আছে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে পিএসসির সদস্যরাও বক্তব্য দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন