ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বান

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বান

দেশের অর্থনীতির বর্তমান আকার প্রায় ৫০০ বিলিয়ন ডলার থেকে আগামী পাঁচ বছরে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার পাশাপাশি এক কোটি উচ্চমূল্যের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছে সরকার। এই লক্ষ্য অর্জনে মানসম্মত শিক্ষা, গবেষণা ও দক্ষ জনশক্তি তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

বুধবার ‘খুলনা বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ ও ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদনের কথাও জানান ইউজিসি চেয়ারম্যান।

বিজ্ঞাপন

অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু শিক্ষার্থীকে সনদ দেওয়া নয়; মানসম্মত শিক্ষার পাশাপাশি গবেষণা ও দক্ষতা উন্নয়নেও সমান গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারেও নিজেদের যোগ্যতা ও দক্ষতার পরিচয় দিতে পারেন। সবাইকে চাকরিপ্রার্থী হিসেবে তৈরি না করে উদ্যোক্তা, উদ্ভাবক ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তোলার পরিবেশ তৈরি করতে হবে।

গবেষণার ধরন ও উদ্দেশ্যে পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, শুধু জ্ঞানের জগৎ সমৃদ্ধ করার জন্য নয়, দেশের বাস্তব সমস্যার সমাধানেও গবেষণাকে কাজে লাগাতে হবে। শিল্পপ্রতিষ্ঠান, কৃষি, মৎস্য, গৃহস্থালি ও প্রত্যন্ত অঞ্চলের সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে যৌথ গবেষণা প্রকল্প নিতে হবে। গবেষণার প্রস্তাব জমা দিলে ইউজিসি ও সরকার প্রয়োজনীয় অর্থায়ন করবে। অর্থের অভাবে প্রয়োজনীয় গবেষণা যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

খুলনা অঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে অধ্যাপক মামুন আহমেদ বলেন, সুন্দরবন, কৃষি, মৎস্য ও চিংড়ি চাষের মতো গুরুত্বপূর্ণ খাতের সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের জ্ঞান ও প্রযুক্তি কাজে লাগাতে হবে। মোংলা বন্দর ও বন্দর ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যার সমাধানেও বিশ্ববিদ্যালয় ভূমিকা রাখতে পারে। এ জন্য শিল্পপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও স্থানীয় সমাজের সঙ্গে কার্যকর সংযোগ গড়ে তুলতে হবে।

খুবিতে নতুন বিভাগ ও ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন

অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্য ক্যাম্পাসে উপকূলীয় অঞ্চলসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে একটি স্কুল এবং সমুদ্রবিজ্ঞান ও জলবায়ু পরিবর্তন বিষয়ে বিভাগ প্রতিষ্ঠার উদ্যোগেও সম্মতি দেওয়া হয়েছে। এসব একাডেমিক ইউনিট পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও আর্থিক সহায়তা যথাসময়ে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা ও গবেষণার পরিবেশ শিক্ষার্থীদের জন্যই তৈরি করা হচ্ছে। এসবের যথাযথ ব্যবহার করে নিজেদের পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের ক্লাব কার্যক্রম আরও সক্রিয় করতে ইউজিসি বিশেষ বরাদ্দ দেবে বলেও তিনি ঘোষণা দেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশিদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নুরুন্নবী।

এছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. খুরশিদ আলম এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাহউদ্দিন বক্তব্য দেন।

এর আগে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সক্রিয় ক্লাব ও সংগঠনকে সম্মাননা দেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...