ঢাবিতে ডেঙ্গু সচেতনতামূলক পোস্টার ছেঁড়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

ঢাবিতে ডেঙ্গু সচেতনতামূলক পোস্টার ছেঁড়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত ‘Dengue Free DU Photo Hunt’ কর্মসূচির প্রচারণামূলক পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত করে দায়ীদের শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি ও লিখিত আবেদন জমা দিয়েছেন কর্মসূচির আয়োজকেরা।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের কাছে পৃথকভাবে এ স্মারকলিপি ও আবেদন জমা দেওয়া হয়।

বিজ্ঞাপন

স্মারকলিপিতে বলা হয়, সরকারের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬-এর অংশ হিসেবে Dhaka University Civic Initiative-এর উদ্যোগে ‘Dengue Free DU Photo Hunt’ নামে এক সপ্তাহব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির লক্ষ্য হলো শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, একাডেমিক ভবন ও আশপাশের এলাকায় সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করা এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।

আয়োজকদের দাবি, কর্মসূচির প্রচারণার জন্য গত ২০ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার লাগানো হয়। কিন্তু পরদিন দেখা যায়, লাগানো পোস্টারগুলোর অধিকাংশই ছিঁড়ে ফেলা হয়েছে। এতে জনসচেতনতামূলক এই উদ্যোগের প্রচারণা কার্যক্রম ব্যাহত হয়েছে বলে অভিযোগ করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে জনস্বাস্থ্য ও পরিবেশ-সচেতনতা বিষয়ক কর্মসূচি নির্বিঘ্নে পরিচালিত হওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিচালিত এ ধরনের উদ্যোগ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চার দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, ভবিষ্যতে প্রচারণাসামগ্রীর নিরাপত্তা নিশ্চিত করা এবং পোস্টার প্রদর্শনের স্থানগুলোতে নজরদারি ও প্রক্টরিয়াল টহল জোরদার করা।

এছাড়া উপাচার্যের কাছে দেওয়া স্মারকলিপিতে ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার ক্ষেত্রে প্রশাসনিক সহযোগিতা কামনা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে পরিবেশ, পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্যবিষয়ক শিক্ষার্থী-নেতৃত্বাধীন কর্মসূচিগুলোর সঙ্গে প্রশাসনের সমন্বয় বৃদ্ধির আহ্বান জানানো হয়।

স্মারকলিপি ও আবেদনে স্বাক্ষর করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ‘Dengue Free DU Photo Hunt’ কর্মসূচির সমন্বয়ক মো. তরিকুল ইসলাম তারিক।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। একই সঙ্গে প্রশাসনের সহযোগিতায় কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়িত হলে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন