স্টাফ রিপোর্টার

ইউজিসির আশ্বাসে অনশন ভাঙলেন ডিজিটাল ইউনিভার্সিটি শিক্ষার্থীরা

ইউজিসির আশ্বাসে অনশন ভাঙলেন ডিজিটাল ইউনিভার্সিটি শিক্ষার্থীরা

ইউজিসির আশ্বাসে ও শিক্ষা মন্ত্রণালয়ের ওপর আস্থা রেখে দ্বিতীয় দিনের মাথায় অনশন ভাঙলেন ডিজিটাল ইউনিভর্সিটির শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটের সময় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজ অনশনকারীদের মুখে জুস দিয়ে অনশন ভঙ্গ করান।

এর আগে নাম পরিবর্তনের দাবিতে গাজীপুরের ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সোমবার সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। কিন্তু দাবি পূরণের কোন আশ্বাস না পেয়ে দুই দিন পর বুধবার সকালে সেখানে একদল শিক্ষার্থী অনশনে বসেন। এ সময় অনেকেই অসুস্থ হয়ে পড়েন। বুধবার রাতে গুরুতর অসুস্থ একজন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। দাবি পূরণের চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত তারা অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বিজ্ঞাপন

এরইমধ্যে বুধবার শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করে বলে ইউজিসির পক্ষ থেকে জানানো হয়। শিক্ষার্থীদের দাবি ছিলো বৃহস্পতিবার ক্যাবিনেট মিটিংয়ে নতুন নাম নীতিগত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সরকার বাস্তবায়নের প্রাথমিক ধাপ সম্পন্ন করবে। কিন্তু, এত দ্রুততম সময় বিষয়টি কেবিনেটের এজেন্ডাভুক্ত করা সম্ভব হয়নি বলে বৃহস্পতিবার জানানো হয়েছে। তাই পরবর্তীতে দ্রুততম সময়ে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন ইউজিসি কর্তৃপক্ষ। এ অবস্থায় ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের ওপর আস্থা রেখে এবং আশ্বাসে অনশন ভেঙ্গে আন্দোলন প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, পরবর্তী কেবিনেটে বিষয়টি সমাধানের নিশ্চয়তা দিয়ে দ্রুততম সময়ে গেজেট প্রকাশ করতে হবে।

জানা গেছে, প্রস্তাবিত চারটি নাম থেকে একটি বাস্তবায়নের দাবিতে বেশ নানা কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সর্বশেষ অবস্থান ও অনশনে বসেন তারা।

প্রস্তাবিত নামগুলো হলো- বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেকনোলজি (বিইউটি); বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি (বিইউআইটি), বাংলাদেশ ইউনিভার্সিটি অব অ্যাডভান্সড টেকনোলজি (বিইউএটি) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি (বিইউএফটি)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন