আওয়ামী লীগ নিষিদ্ধে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগ নিষিদ্ধে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় ক্যাম্পাসের হলপাড়া নামক স্থান থেকে মিছিলটি শুরু হয়। এ সময় তারা ‘খুনিদেরকে নিষিদ্ধ, করতে হবে করতে হবে’, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ, করতে হবে, করতে হবে’, গড়িমসি বন্ধ কর, আওয়ামী লীগকে নিষিদ্ধ কর’, ‘আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘খুনি লীগের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়’ প্রভৃতি স্লোগান দেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ইন্টেরিম সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে যে টালবাহানা শুরু করেছে, তা সহ্য করবো না আমরা। দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং জুলাই-আগস্টে তারা নির্বিচারে যে গণহত্যা চালিয়েছে সেটার বিচার করতে হবে।

আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব রয়েছেন অনেকেই। এ বিষয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংসদের মুখপাত্র তাহমিদ আল মুদাসসির চৌধুরী তার নিজস্ব ফেসবুক পোস্টে বলেন, ‘ইন্টেরিমের সিদ্ধান্তকে ঘৃণাভরে প্রত্যাখান করছি। শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করে, আওয়ামী পুনর্বাসন কোনভাবেই মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, এখানে কোন যদি কিন্তু নাই।’

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড পেইজে পোস্ট করা হয়, ‘৫ আগস্টেই আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। নতুন মোড়কে আওয়ামী লীগকে আনার দুঃসাহস আপনারা করবেন না।’

এর আগে বৃহস্পতিবার ঢাকায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ড. কমফোর্ট ইরোর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, তবে দলের যে সব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতাবিরোধী অপরাধসহ অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে, বাংলাদেশের আদালতে তাদের বিচার করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন