৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ৪৮১ জন এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের পদগুলোর ১০৪ জনসহ মোট ৫৮৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। আগামী ৮ জুলাই থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ জুলাই পর্যন্ত।
গতকাল বুধবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌখিক পরীক্ষার বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইট অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর নিয়োগ বিজ্ঞপ্তির ১৬ নম্বর অনুচ্ছেদের শর্ত অনুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ৪৫তম বিসিএসের জন্য নির্ধারিত অনলাইন ফরম কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করবেন। কমিশনের ওয়েবসাইট থেকে সংগৃহীত অনলাইন ফরমের ৩ নম্বর অনুচ্ছেদে বর্ণিত কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ডে ৩০ মিনিট আগে জমা দিতে হবে। সংশ্লিষ্ট সব সনদ/কাগজপত্রসহ বিপিএসসি ফরম-১ মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
এদিকে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের মধ্যে একাধিক প্রাধিকার কোটার প্রার্থী হলে তাকে আজ বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে একাধিক ফরম পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের পর ফরম দাখিল করা যাবে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

