চলতি বছরের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা আগামী ২৬ জুন, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
রাজধানীর বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠানের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রগুলোর দুইশ গজের মধ্যে অনুমোদন ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না। এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।
সোমবার ডিএমপি কমিশনার স্বাক্ষরিত গণজ্ঞিপ্তিতে বলা হয়, পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ (দুইশত) গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এই আদেশ আগামী ২৬ জুন, বৃহস্পতিবার থেকে পরীক্ষা চলাকালীন দিনগুলোতে বলবৎ থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

