দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ। তিনি বলেন, এ অবস্থা থেকে উত্তরণে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে সম্পর্কের দূরত্ব কমিয়ে আনতে হবে।
বৃহস্পতিবার ইউজিসি অডিটরিয়ামে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ৩১তম বুনিয়াদি প্রশিক্ষণের সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় ইউজিসি চেয়ারম্যান পরিবর্তিত বাস্তবতায় নতুন প্রজন্মের চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নিতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান।
তিনি ভবিষ্যতের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে তরুণ সমাজকে দক্ষ ও সুশিক্ষিত করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যথাযথ ভূমিকা পালনের পরামর্শ দেন। এছাড়া শিক্ষার্থীদের প্রতি বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে আরও অধিক মানবিক হওয়ার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মাছুমা হাবিব ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বিশেষ অতিথির বক্তব্য দেন।
ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই)-এর পরিচালক প্রফেসর ড. বেন্তুল মাওয়া ।
দেশের ১৩ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫ জন নবীন শিক্ষক ম্যাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ইউজিসি’র আর্থিক সহযোগিতায় জিটিআই এই বুনিয়াদি প্রশিক্ষণ আয়োজন করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

