আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডাকসু নির্বাচন

মনোনয়নপত্র কিনলেন ছাত্রদল শিবির নেতাসহ ১৭৯১ শিক্ষার্থী

মাহির কাইয়ুম, ঢাবি

মনোনয়নপত্র কিনলেন ছাত্রদল শিবির নেতাসহ ১৭৯১ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ ও জমাদানের সময় একদিন করে বাড়ানো হয়েছে। গতকাল সোমবার রাতে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংশোধিত সময়সূচি অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ চলবে আজ মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত ও জমা দেওয়া যাবে আগামীকাল বুধবার বিকাল ৫টা পর্যন্ত।

এর আগে ডাকসু নির্বাচনে অংশ নিতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ করা গেছে। গতকাল ডাকসু ও হল সংসদের বিভিন্ন পদে মোট এক হাজার ৭৯১ জন শিক্ষার্থী মনোনয়নপত্র কিনেছেন। সময়সীমা বাড়ানোর আগে গতকাল ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন।

বিজ্ঞাপন

বিকালে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন সংবাদ সম্মেলনে জানান, ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৫৬৫টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে শুধু সোমবার ৪৪২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল সংসদ নির্বাচনের জন্য এক হাজার ২২৬টি মনোনয়নপত্র বিক্রি হয়।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২১ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকায় এবার মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭১ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। বিশ্লেষকরা বলছেন, প্রায় অর্ধেক নারী ভোটার এবারের নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারেন।

জাতীয়তাবাদী ছাত্রদল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গতকাল পর্যন্ত প্যানেল ঘোষণা করেনি। তবে সংগঠনটির অসংখ্য নেতাকর্মী আলাদাভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। সংগঠনটি জানায়, আজ মঙ্গলবারের মধ্যে তারা পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবে।

সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক তানভীর হাসান জানান, আজ (গতকাল সোমবার) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠক রয়েছে। বৈঠক শেষে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্যানেল ঘোষণা হবে।

তিনি বলেন, গতকাল যেহেতু মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল, তাই আগ্রহীরা মনোনয়নপত্র সংগ্রহ করে রেখেছেন। সিদ্ধান্ত চূড়ান্ত হলে কে কোন পদে লড়বেন তা জানানো হবে।

এদিকে ছাত্রদলের প্যানেল থেকে শীর্ষ তিন পদে আলোচনায় আছেন ভিপি পদে মমিনুল ইসলাম জিসান, আবিদুল ইসলাম খান ও বিএম কাউসার। জিএস পদে শেখ তানভীর বারি হামিম।

এছাড়া ঢাবি ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক জারিফ রহমান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ইমাম হাসান অনিক, মেহেদী হাসান শহীদ, আয়াজ মোহাম্মদ ইমন, মল্লিক ওয়াসী উদ্দিন তামি, সাইফ উল্লাহ সাইফ ও আবিদুর রহমান মিশুও আলোচনায় আছেন।

ছাত্রশিবিরের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’

এদিন ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ নামে ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। প্যানেলে শিবিরের বাইরে থেকেও ক্ষুদ্র জাতিগোষ্ঠী, জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থী, আপ বাংলাদেশ ও ইনকিলাব মঞ্চের শিক্ষার্থীদের রাখা হয়েছে।

সংগঠনটির প্যানেলে ভিপি পদে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম, জিএস পদে ঢাবি শাখার সভাপতি এসএম ফরহাদ এবং এজিএস পদে সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান নির্বাচন করবেন।

এছাড়া সম্পাদকীয় পদে ইকবাল হায়দার, আসিফ আবদুল্লাহ, শরিফুল ইসলাম মুয়াজ, আরমান হোসাইন, ফাতেমা তাসনিম জুমা, উম্মে সালমা, নুরুল ইসলাম সাব্বির, এমএম আল মিনহাজ, সাখাওয়াত জাকারিয়া, সাজ্জাদ হোসাইন খান ও মাজহারুল ইসলাম। সদস্য পদে সর্ব মিত্র চাকমা, সাবিকুন নাহার তামান্নাসহ মোট ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গণতান্ত্রিক ছাত্র সংসদ

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ নামক প্যানেল থেকে নির্বাচন করব বলে জানা গেছে। সংগঠনটি এখন পর্যন্ত পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেনি। আজ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা।

সংগঠনটির প্যানেল থেকে প্রাথমিকভাবে শীর্ষ পদগুলোতে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন ভিপি পদে ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের, জিএস পদে কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং এজিএস পদে ঢাবি শাখার মুখপাত্র আশরেফা খাতুন।

ছাত্র অধিকার পরিষদ

এদিন ‘ডাকসু ফর চেঞ্জ’ নামে ছাত্র অধিকার পরিষদ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। সংগঠনটির প্যানেল থেকে ভিপি পদে কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, জিএস পদে সাবিনা ইয়াসমিন, এজিএস পদে ঢাবি শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম নির্বাচন করবেন।

অন্য সম্পাদকীয় পদে আছেন শাকিব খান, আরিফুর রহমান মজুমদার, মুক্তার হোসেন, আশিক হৃদয় আহমেদ, রাকিব হোসেন, ইশতিয়াক আহমেদ, সিয়াম ইমন ও রজবসালার খান শাওন। সদস্যপদে অন্তর্ভুক্ত করা হয়েছে জাপানিজ স্টাডিজ ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থীসহ মোট আটজনকে।

ইসলামী ছাত্র আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলনও এদিন পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। সংগঠনটির প্যানেলে ভিপি পদে ঢাবি শাখার সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত, জিএস পদে খায়রুল কেন্দ্রীয় সহসম্পাদক আহসান মারজান এবং এজিএস পদে ঢাবি সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন নির্বাচন করবেন।

ইতি ও মেঘমল্লারের নেতৃত্বে বামপন্থি জোট

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বামপন্থি ছাত্র সংগঠনগুলো প্যানেল গুছিয়ে এনেছে। তবে এদিন আংশিক প্যানেল ঘোষণা হলেও পূর্ণ প্যানেল ঘোষণা করা হবে আজ।

বামপন্থি জোটে নেতৃত্ব দিচ্ছেন ভিপি পদে ডাকসুর শামসুন্নাহার হলের সাবেক ভিপি শেখ ইতি আফরোজ ইমি, জিএস পদে ঢাবি ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমল্লার বসু, এজিএস পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল। এছাড়া সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

স্বতন্ত্র প্যানেল

উমামার নেতৃত্বে সাংবাদিক জোট

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সদস্য সচিব এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা নেতৃত্ব দিচ্ছেন একটি স্বতন্ত্র প্যানেলের। এ প্যানেল সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান সভাপতি ও সাংবাদিকতা বিভাগের অনেকেই মনোনয়ন নিয়েছেন।

প্যানেলটি থেকে ভিপি পদে উমামা ফাতেমা, জিএস পদে ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূঁইয়া ও এজিএস পদে ঢাবি সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহী নির্বাচন করবেন বলে জানানো হয়েছে।

এছাড়া স্বাধীন বাংলাদেশের ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদের নেতৃত্বে গঠিত হয়ে ‘ডিইউ ফার্স্ট’ নামক আরেকটি স্বতন্ত্র প্যানেল। যেখানে ভিপি পদে লড়বেন জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ। জিএস পদে মাহিন সরকার ও ফাতেমা শাহরিন এনি নির্বাচন করবেন। প্যানেলটির পূর্ণাঙ্গ তথ্য আজ প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

ফজিলাতুন্নেছা মুজিব হলে মনোনয়ন সংগ্রহে বাধা, ছাত্রদলের প্রতিবাদ

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা মুজিব হলে ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বিকালে সংগঠনটি জরুরি সংবাদ সম্মেলন করেছে এবং প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগপত্র দায়ের করে।

ছাত্রদলের লিখিত অভিযোগে বলা হয়, ডাকসু নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার কয়েকজন শিক্ষার্থী নিজ হল সংসদের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে গেলে একদল শিক্ষার্থী মব সৃষ্টি করে তাদের ওপর হামলার চেষ্টা চালায় এবং ফরম সংগ্রহে বাধা দেয়।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন স্বাক্ষরিত অভিযোগপত্রে বলা হয়, প্রশাসনের ধারাবাহিক ব্যর্থতা এবং নৈরাজ্যবাদী মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় সার্বিক নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়েছে। ফলে ডাকসু নির্বাচনের জন্য প্রয়োজনীয় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হচ্ছে না।

সংবাদ সম্মেলনে দোষীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ এবং একটি নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে ছাত্রদল।

নতুন করে সময় বাড়ানোর কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের বিপুল উপস্থিতির কারণে কিছু প্রার্থী নির্ধারিত সময়ে ফরম সংগ্রহ করতে পারেননি। এ পরিস্থিতিতে সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার স্বার্থে সময়সীমা বাড়ানো হয়েছে।

২০২৫ সালের ডাকসু নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। দীর্ঘ ছয় বছর পর হতে যাওয়া এ নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অংশগ্রহণ লক্ষ করা যাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন