ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে স্মারকলিপি

ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে স্মারকলিপি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ দ্রুত সময়ে ঘোষণার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বরাবর স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

বিজ্ঞাপন

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপাচার্যের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন বিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। শিক্ষার্থীদের পক্ষ থেকে বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহম্মদ স্মারকলিপিটি প্রদান করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদও উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেছেন, গণঅভ্যুত্থানের প্রায় আট মাস পেরিয়ে গেলেও ডাকসু নির্বাচনের রূপরেখা ঘোষণা করা হয়নি। ডাকসুর নির্বাচনের দাবিতে আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছি। অতান্ত দুঃখজনক হলেও সত্য যে ডাকসু নির্বাচন নিয়ে একধরনের ভয়াবহ গড়িমসি লক্ষ্য করা গেছে। গত জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চে ডাকসুর দাবিতে ধারাবাহিক আন্দোলন করেছি। জানুয়ারির মাঝামাঝিতে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে উপাচার্য বলেছিলেন কয়েকদিনের মধ্যে ইন্সটিটিউশনাল ই-মেইলের মাধ্যমে ডাকসুর গঠনতন্ত্র এবং ডাকসু নির্বাচন বিষয়ে শিক্ষার্থীদের মতামত গ্রহণ করবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে শিক্ষার্থী সংসদের রোডম্যাপ ঘোষণা করলেও ঢাকা বিশ্ববিদ্যালয় রোডম্যাপ ঘোষণা করতে না পারায় হতাশা প্রকাশ করেন শিক্ষার্থীরা।

ডাকসুর প্রয়োজনীয়তা উল্লেখ করে স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশের এই স্বাধীনতাকে চিরস্থায়ী করতে পতিত স্বৈরাচারের উত্থান রুখে দিতে এবং নব্য স্বৈরাচার প্রতিরোধ করতে, দেশের মানুষের গণ অধিকার প্রতিষ্ঠা করতে করতে হবে।

স্থায়ীভাবে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সম্মত ক্যাম্পাস বিনির্মাণ, লেজুরবৃত্তিক দলীয় ছাত্র রাজনীতির কড়াল গ্রাস থেকে ক্যাম্পাস নিরাপদ ও সর্বোপরি শিক্ষার্থীদের অধিকার আদায় করতে ডাকসুর বিকল্প নেই।

এসময় নিয়মতান্ত্রিক পদ্ধতির চর্চার প্রতি শ্রদ্ধা দেখাতে ব্যর্থ হলে এবং ডাকসু নির্বাচন নিয়ে গড়িমসি করলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন