ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিজয় অর্জন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়-এর কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, যুবদল সভাপতি মোনায়েম মুন্না, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “আজ বাংলাদেশের মানুষের জন্য বড় আনন্দের দিন। কেননা আজ এ দেশের মানুষ গণতন্ত্রের ফয়সালা পেয়েছে। কোনো ধরনের সংঘাত বা রক্তপাত ছাড়াই একটি শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পুরো দেশ আজ আনন্দিত। এ জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।”
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ছাত্রদলসহ উপস্থিত সকলের প্রতি ধৈর্য ও সহাবস্থানের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
দোয়া মাহফিলে নির্বাচনে জনগণের অভূতপূর্ব সমর্থনের মাধ্যমে গণতন্ত্র ও জাতীয়তাবাদের পক্ষে যে ঐতিহাসিক রায় প্রতিফলিত হয়েছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয় এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

