ছাত্রদলের নেতাকর্মীদের হাতে দুই শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয়। দুপুর ১২টার দিকে প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘এক দুই তিন চার, অছাত্ররা ক্যাম্পাস ছাড়’, ‘যেই হাত শিক্ষক মারে, সেই হাত ভেঙে দাও’, ‘শিক্ষা সন্ত্রাস একসাথে চলবে না’, ‘অছাত্রদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’— এমন নানা প্রতিবাদী স্লোগানে ক্যাম্পাস প্রাঙ্গণ মুখরিত করে তোলেন।
সমাবেশে বক্তারা হামলাকারীদের শাস্তি, বিশ্ববিদ্যালয়ে অছাত্রদের দৌরাত্ম্য বন্ধ এবং ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তাঁরা তাদের ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
সমাবেশে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইরফান বলেন, ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের মধ্যে যারা জুলাইয়ে আহত হন এবং বিগত সময়েও ছাত্রদল করেছে তাদের ছাত্রলীগ ট্যাগ দিয়ে হামলা করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বডিতে থাকা ছাত্রকল্যাণ পরিচালক ড. এ কে এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলামের ওপরও হামলা করে তারা।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফেরদৌস শেখ বলেন, ‘শিক্ষকদের হামলা করার মতো ন্যক্কারজনক ঘটনা আমরা মেনে নেব না। যারা শিক্ষকদের ওপর হামলা করেছে, প্রশাসনের উচিত দ্রুত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১০ জুলাই) শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলায় ছাত্রদলের নেতাকর্মীরা ম্যানেজমেন্ট বিভাগের দুই শিক্ষক—বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ও সহকারী প্রক্টর এবং তিনজন শিক্ষার্থীর ওপর হামলা চালায়। হামলার সময় তারা অভিযোগ করে, ওই শিক্ষকরা ছাত্রলীগকে পুনর্বাসন করছেন।
ঘটনার পরপরই বিভিন্ন সচেতন ও সক্রিয় ছাত্রসংগঠন এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। পরিস্থিতি নিয়ে এখনো উত্তেজনা বিরাজ করছে ক্যাম্পাসজুড়ে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

