জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের মামলায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক এমপি আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। হত্যার অভিযোগসহ পৃথক পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের শীর্ষ নেতাদের জামিন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান তিনি।
ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে সাদিক কায়েম বলেন, ‘বদি, আইভিসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা জামিন পাচ্ছে। তাদের কার্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে। একদিকে এ গণশত্রুরা বের হচ্ছে। অন্যদিকে জুলাইয়ের আন্দোলনকারীদের ঢোকানোর নীলনকশা চলছে।’
সতর্ক করে তিনি আরও বলেন, ‘সুরক্ষা অধ্যাদেশ’কে উপেক্ষা করে কথিত পুলিশ হত্যা তদন্তের নামে জুলাইকে মুছে ফেলার অপপ্রয়াসও লক্ষ্য করছি। যারা আজ এ ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসিত করছেন, তারা মনে রাখবেন- এ আত্মঘাতী পদক্ষেপের পরিণতি থেকে আপনারাও রেহাই পাবেন না; অচিরেই আপনারা নিজেরাও এই অপশক্তির নির্মম শিকারে পরিণত হবেন।
ডাকসু ভিপি আরও বলেন, ‘অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নাটকীয় রদবদলের পরপরই সরকার-ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানকে অন্যায্য সুবিধা দেওয়া শুরু হয়েছে। গণভোট ও জুলাই সনদকে বৃদ্ধাঙুলি দেখিয়ে পুরোনো কায়দায় দলীয়করণ ও রাজনৈতিক পরিচয়ে সুবিধালাভের সংস্কৃতির প্রত্যাবর্তন পরিবর্তনকামী মানুষের রায়কে উপেক্ষা করার নামান্তর।’
সাদিক কায়েম বলেন, যদি এভাবে চলতেই থাকে, তবে জাতির ভাগ্যে দাসত্ব ছাড়া আর কিছুই জুটবে না। সময়ের এই সন্ধিক্ষণে শুভ বুদ্ধির উদয় হওয়া জরুরি; নতুবা ইতিহাসের কাঠগড়ায় কেউই রেহাই পাবেন না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

