ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্টের সব কার্যক্রম বন্ধ ঘোষণা

ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্টের সব কার্যক্রম বন্ধ ঘোষণা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির একাডেমিক ও প্রশাসনিকসহ যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পক্ষ থেকে গণমাধ্যমে প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবার অবগতি ও জনস্বার্থে জানানো হয় যে, ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (ইউএসইটি) সরকার কর্তৃক ২০১৯ সালের ২৮ আগস্ট ২১১ নং স্মারকে ৭ বছরের জন্য সামাদবানু টাওয়ার, প্লট নং- ২৯৮-২৯৯, খোর্দ্দ ঘোষপাড়া, উপজেলা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ ঠিকানায় অস্থায়ীভাবে স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমতিপ্রাপ্ত হয়।

অতঃপর ইউজিসি গত ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি শর্ত সাপেক্ষে শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান করে। বর্তমানে সরকার ও ইউজিসি অনুমোদিত ওই ঠিকানায় বিশ্ববিদ্যালয়ের কোনো প্রকার কার্যক্রম চলমান নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির পূর্বানুমোদন ব্যতিত কোনো ঠিকানায়/ভবনে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির (ইউএসইটি) অননুমোদিত ক্যাম্পাস পরিচালনা, ওয়েবসাইটের ডোমেইন জটিলতা, সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগ প্রমাণিত এবং সাময়িক অনুমতির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী এর ভর্তি ও শিক্ষা সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ১২(২) ধারা অনুসারে ইউএসইটির চলমান প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে শিগগিরই পরবর্তী নির্দেশনা প্রদান করা হবে।

এর আগেও ইউজিসির পক্ষ থেকে চলতি বছরের জানুয়ারি থেকে নতুন শিক্ষার্থী ভর্তি সম্পূর্ণরূপে বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করেছিল ইউজিসি। তবে এর আগে চলমান কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের শিক্ষা কার্যকর্ম চলমান থাকবে বলে সুযোগ দেয়া হয়েছিল। নতুন গণবিজ্ঞপ্তিতে এবার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...