গাজায় চলমান গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
রোববার রাত সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের হলপাড়া নামক স্থান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলে ফিলিস্তিনের সমর্থনে শিক্ষার্থীরা 'ফিলিস্তিন মুক্তি পাক, জায়নবাদ নিপাত যাক', 'ওয়ান টু থ্রি ফোর, জায়োনিজম নো মোর', 'ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি', 'ফ্রি ফ্রি, প্যালেস্টাইন' প্রভৃতি স্লোগান দেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গাজায় চলমান মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক চুক্তি বাতিলসহ ইসরায়েলের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট ও সাহসী অবস্থান নেওয়ার আহ্বান জানান।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলি ইবনে মোহাম্মদ বলেন, বাংলাদেশ সরকারের ই-পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) বাক্যটি সরিয়ে দেওয়া দুঃখজনক ও উদ্বেগজনক। অবিলম্বে এ নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে হবে।
এ সময় 'নো ওয়ার্ক, নো স্কুল' কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হলে ফিলিস্তিনে এ ধরনের মানবিক বিপর্যয় সৃষ্টি হতো না। তবে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে মুসলমান না হলেও চলে—মানবতাবোধ থাকলেই যথেষ্ট বলেও উল্লেখ করেন তিনি।
সমাবেশে পরবর্তী কর্মসূচি হিসেবে সোমবার বিকাল সাড়ে ৩ টায় রাজু ভাস্কর্য থেকে মার্কিন দূতাবাস অভিমুখে একটি গণপদযাত্রার ঘোষণা দেওয়া হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

