চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) টানা ১৪ ঘণ্টা পর অনশন স্থগিত করেছেন শিক্ষার্থীরা। বুধবার দিবাগত রাত ২টার দিকে অনশন স্থগিত করেন তারা। এরআগে এদিন দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা অনশনে বসেন।
মূলত পোষ্য কোটা বাতিল ও জুলাই গণ-অভ্যুত্থানে জড়িত হত্যাকারীদের বিচারের দাবিসহ ৯ দফা দাবিতে ছিলো শিক্ষার্থীদের অনশন।
জানতে চাইলে অনশনে বসা শিক্ষার্থী রশিদ দিনার আমার দেশকে বলেন, উপাচার্য ও দুই উপ-উপাচার্য স্যার আমাদের কাছে রোববার পর্যন্ত সময় চেয়েছেন। আমরা তাদেরকে সময় দিয়েছি। আগামী রোববার প্রত্যেক স্টেক হোল্ডারদের সাথে প্রশাসনের মিটিং রয়েছে। সেই মিটিংয়ে আমাদের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। মিটিংয়ে যদি কোটা বাতিল না হয় তাহলে আগামী সোমবার থেকে আমাদের অবস্থান কর্মসূচি ও অনশন পুনরায় শুরু করবো।
জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ আমার দেশকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের কাছে আগামী রোববার পর্যন্ত সময় চাওয়া হয়। এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাথে আলোচনা করে এ বিষয়ে সিন্ধান্ত নেওয়া হবে।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বহাল রাখার দাবিতে বৃহস্পতিবার সকালে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
তারা দাবি করেন, পোষ্য কোটা বাতিল করলে কারোর লাভ হবে না। কারণ, এই কোটার বিপরীতে বিশ্ববিদ্যালয়ে কোন সাধারণ আসন নেই। এবং এর জন্য কোন শিক্ষার্থী বঞ্চিতও হয় না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

