‘ক্লাস মনিটরিং সিস্টেম’ চালু করেছে জবি: উপাচার্য

‘ক্লাস মনিটরিং সিস্টেম’ চালু করেছে জবি: উপাচার্য

বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় প্রথমবারের মতো ‘ক্লাস মনিটরিং সিস্টেম’ চালু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস ও কোর্স কারিকুলাম নির্ধারিত সময়ে সম্পন্ন নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে লোক প্রশাসন বিভাগের একযুগপূর্তি উৎসব ও সাবেক–বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

উপাচার্য বলেন, একাডেমিক শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞান সৃষ্টি ও বিতরণ। নানা প্রতিবন্ধকতার কারণে আমরা প্রত্যাশিত সময় দিতে না পারলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিক্ষার্থীদের গবেষণায় যুক্ত করার লক্ষ্যে শিক্ষকদের গবেষণা সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়, তবে সেগুলো চিহ্নিত করে সমাধানের পথে অগ্রসর হচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বিশেষ অতিথির বক্তব্যে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের সকলকে একটি পরিচয় দিয়েছে। এই পরিচয় ধারণ করেই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং নীতিনির্ধারণী পর্যায়ে নেতৃত্ব প্রদানে সক্ষম হবে।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আছমা বিন্‌তে ইকবালের সভাপতিত্বে আয়োজনে স্বাগত বক্তব্য দেন উদ্‌যাপন কমিটির আহ্বায়ক রিফাত ফারহানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক নুমান মাহ্‌ফুজ ও সুবাহ্‌ সামারা।

দিনব্যাপী উৎসবের অংশ হিসেবে সকালেই আনন্দ র‍্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। আলোচনাসভায় অতিথিবৃন্দ ‘দীপাধার’ নামে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। বিকালে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যায় মনোজ্ঞ কনসার্টের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন