বাংলাদেশের মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস কমছে কেন

বাংলাদেশের মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস কমছে কেন
বাংলাদেশের একটি জরিপে দেখা গেছে, যেসব পরিবারের বড়রা নিয়মিত বই পড়েন, সেসব পরিবারের শিশু-কিশোরও নিয়মিত বই পড়ে। ছবি-প্রতীকী

একসময় পাঠ্যবইয়ের আড়ালে গল্প-উপন্যাস পড়ার নেশা ছিল অনেকের শৈশব-কৈশোরের অংশ। অবসর পেলেই কেউ ডুবে থাকতেন গল্পের বইয়ে, কেউবা পড়তেন উপন্যাস। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে বিনোদনের মাধ্যম ও অবসর কাটানোর ধরন। স্মার্টফোন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ডিজিটাল বিনোদনের বিস্তারে দিন দিন কমছে বই পড়ার অভ্যাস।

আন্তর্জাতিক বিভিন্ন পরিসংখ্যানেও বই পড়ার ক্ষেত্রে বাংলাদেশের পিছিয়ে থাকার চিত্র উঠে এসেছে। প্রতিবেশী ভারত ও শ্রীলঙ্কার তুলনায়ও এ ক্ষেত্রে পিছিয়ে রয়েছে দেশটি। ২০২৪ সালে বিশ্বের ১০২টি দেশে বই পড়ার অভ্যাস নিয়ে জরিপ চালায় সিইওওয়ার্ল্ড ম্যাগাজিন। ৬৫ লাখের বেশি সাক্ষাৎকারের ভিত্তিতে করা ওই জরিপে বই পড়ার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম।

বিজ্ঞাপন

জরিপের তথ্য অনুযায়ী, বাংলাদেশের একজন মানুষ বছরে গড়ে ২ দশমিক ৭৫টি বই পড়েন। বই পড়ার পেছনে সময় ব্যয় করেন বছরে গড়ে ৬২ ঘণ্টা। অন্যদিকে, ভারতের একজন মানুষ বছরে গড়ে ১৬টি বই পড়েন এবং এ কাজে ব্যয় করেন ৩৫২ ঘণ্টা। শ্রীলঙ্কায় একজন মানুষ বছরে গড়ে ৩ দশমিক ২৯টি বই পড়েন। পাকিস্তানে এ সংখ্যা ২ দশমিক ৬টি।

বই পড়ার ক্ষেত্রে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে একজন মানুষ বছরে গড়ে ১৭টি বই পড়েন। দেশটিতে বই পড়ার পেছনে বছরে গড়ে প্রায় ৩৫৭ ঘণ্টা ব্যয় করেন একজন মানুষ।

বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস নিয়েও একই ধরনের চিত্র পাওয়া গেছে। ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত এক গবেষণায় দেশের তিনটি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি দাখিল মাদ্রাসার ৬৯১ জন শিক্ষার্থীর ওপর জরিপ চালানো হয়। এতে দেখা যায়, ৮৭ শতাংশ শিক্ষার্থী অবসরে বই পড়াকে গুরুত্বপূর্ণ মনে করলেও পাঠ্যবইয়ের বাইরে বই পড়েন মাত্র ৩৮ শতাংশ।

পাঠাভ্যাস গড়ে ওঠার পথে পারিবারিক ও সামাজিক বাধা

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে বই পড়ার সংস্কৃতি যথেষ্ট বিকশিত না হওয়ার পেছনে পারিবারিক ও সামাজিক পরিবেশের ঘাটতি বড় কারণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর মতে, ভারতসহ বিভিন্ন দেশে বই পড়া ও সাহিত্যচর্চা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশে এ ধরনের চর্চা তুলনামূলকভাবে কম।

বাতিঘরের প্রতিষ্ঠাতা দীপঙ্কর দাস মনে করেন, দীর্ঘদিন ধরে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে বই পড়ার বিষয়টি গুরুত্ব পায়নি। ফলে অনেক অভিভাবক ও শিক্ষক পাঠ্যবইয়ের বাইরের বই পড়াকে সময়ের অপচয় হিসেবে দেখেছেন। অথচ পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও পাঠাগার—এই তিন জায়গা থেকেই বই পড়ার অভ্যাস গড়ে উঠতে পারে।

পারিবারিক পরিবেশের প্রভাবও উঠে এসেছে গবেষণায়। ২০২৫ সালে শহীদ বাকী স্মৃতি পাঠাগারের এক জরিপে দেখা গেছে, যেসব পরিবারের বড়রা নিয়মিত বই পড়েন, সেসব পরিবারের ৪৭ দশমিক ১ শতাংশ শিশু-কিশোরও নিয়মিত বই পড়ে। বিপরীতে, পরিবারের বড়রা বই না পড়লে শিশু-কিশোরদের নিয়মিত বই পড়ার হার ৩১ দশমিক ৮ শতাংশ।

পাঠাগারের সংকট ও বইয়ের সহজলভ্যতার অভাব

দেশে সরকারি গণগ্রন্থাগারের সংখ্যা ৭১টি। এর বাইরে বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগে কিছু পাঠাগার পরিচালিত হচ্ছে। তবে এসব পাঠাগারে নিয়মিত পাঠক আকৃষ্ট করার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা রয়েছে।

২০২১ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণায় সরকারি গণগ্রন্থাগারগুলোতে জনবলসংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং পাঠকের চাহিদা অনুযায়ী বইয়ের অপর্যাপ্ততার বিষয়টি উঠে আসে।

অধ্যাপক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর মতে, মানুষের হাতের নাগালে বই পৌঁছে দিতে পাড়া-মহল্লায় পাঠাগার গড়ে তোলা প্রয়োজন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরেও কমিউনিটি পর্যায়ে বইপড়া কর্মসূচি ও সাংস্কৃতিক আয়োজন বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

বই পড়ায় মনোযোগ কমাচ্ছে স্মার্টফোন

বই পড়ার অভ্যাস কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে স্মার্টফোন ও ইন্টারনেটের ব্যবহার। শহীদ বাকী স্মৃতি পাঠাগারের জরিপে এক হাজার পাঁচজন অংশগ্রহণকারীর মতামত নেওয়া হয়। এতে ১৮ থেকে ২৫ বছর বয়সীদের ৫৪ দশমিক ৩ শতাংশ জানান, স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারের কারণে বই পড়ায় তাদের মনোযোগ ব্যাহত হয়। ১৮ বছরের কম বয়সীদের মধ্যেও ৫৩ শতাংশ একই সমস্যার কথা জানিয়েছেন।

দীপঙ্কর দাসের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে অল্প সময়েই নানা ধরনের বিনোদন পাওয়া যায়। কিন্তু একটি বই পড়তে দীর্ঘ সময় ও মনোযোগ প্রয়োজন। ফলে দীর্ঘ সময় ধরে বই পড়ার ধৈর্য কমছে মানুষের। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে নতুন বইয়ের খবর ও তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াও সহজ হয়েছে।

বইমেলার ভিড় কি প্রকৃত পাঠকের সংখ্যা বোঝায়?

প্রতিবছর অমর একুশে বইমেলায় বিপুল মানুষের সমাগম হলেও সেটি নিয়মিত পাঠকের সংখ্যা কিংবা সারা বছরের বই বিক্রির প্রকৃত চিত্র তুলে ধরে না বলে মনে করেন প্রকাশকরা।

দীপঙ্কর দাসের মতে, বইমেলায় আসা মানুষের সবাই বই কিনতে বা পড়তে আসেন না। অনেকের কাছে এটি অবসর কাটানো ও ঘোরাঘুরির জায়গা। এ ছাড়া দেশের প্রকাশনা খাতের বড় একটি অংশ বইমেলানির্ভর হয়ে পড়েছে। একটি মাসব্যাপী আয়োজনের ওপর নির্ভর করে প্রকাশনা শিল্পের টেকসই বিকাশ সম্ভব নয়। তাই সারা বছর পাঠকের কাছে বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

বইয়ের দাম বেশি হওয়াও পাঠক কমে যাওয়ার একটি কারণ। তবে পাঠক কম থাকায় প্রকাশকেরা বেশি সংখ্যায় বই ছাপাতে পারেন না। আবার কম সংখ্যায় বই ছাপানোর কারণে বইয়ের দামও বেড়ে যায়। ফলে পাঠক ও বইয়ের দামের মধ্যে এক ধরনের চক্র তৈরি হয়েছে।

বিশেষজ্ঞ ও প্রকাশকদের মতে, দেশে বই পড়ার অভ্যাস বাড়াতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই পাঠ্যবইয়ের বাইরের বইয়ের সঙ্গে পরিচিত করার পরিবেশ তৈরি করতে হবে। তাহলেই বই পড়াকে কেবল পরীক্ষার প্রস্তুতি বা অবসরের কাজ নয়, বরং নিয়মিত সামাজিক ও সাংস্কৃতিক চর্চায় পরিণত করা সম্ভব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...