গুমের ‘নাটক’ সাজিয়ে সরকারকে দোষারোপের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

গুমের ‘নাটক’ সাজিয়ে সরকারকে দোষারোপের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

গুম ও অপহরণের ‘নাটক’ সাজিয়ে সরকারকে দোষারোপ, পাশাপাশি ধর্ষণসহ বিভিন্ন অপরাধ সংঘটনের অভিযোগ তুলে ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ মোড় পর্যন্ত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রশিবিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান।

বিজ্ঞাপন

সমাবেশে ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, ছাত্রশিবির গুম ও অপহরণের নামে ‘নাটক’ সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের অবমাননা করছে এবং সংগঠিতভাবে অনলাইনে সরকারকে মিথ্যা দোষারোপ করছে। পাশাপাশি তারা গুপ্ত সংগঠন পরিচালনা করে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপরাধে জড়িত বলেও অভিযোগ তোলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান বলেন, ছাত্রশিবিরের বর্তমান কার্যক্রম ‘নিকৃষ্ট মানের ভণ্ডামি’।

তিনি দাবি করেন, জামায়াত-শিবিরের রাজনীতি শুরু থেকেই ‘দ্বিচারিতা ও গোপনীয়তার ওপর প্রতিষ্ঠিত’। তিনি সংগঠনটির ঐতিহাসিক ও আদর্শিক অবস্থান নিয়েও সমালোচনা করেন এবং নেতাদের বক্তব্য ও কর্মকাণ্ডে অসঙ্গতি তুলে ধরেন।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, সম্প্রতি কুমিল্লায় যে ‘গুমের নাটক’ নিয়ে আলোচনা তৈরি হয়েছে, তা একটি পরিকল্পিত ঘটনা।

তিনি দাবি করেন, ওই ঘটনায় জড়িত ব্যক্তিকে ছাত্রশিবির তাদের কেন্দ্রীয় কমিটির সহকারী আন্তর্জাতিক সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছে, অথচ আগে কখনও প্রকাশ্যে সেই কমিটির তথ্য দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে তাদের কাছে কমিটি প্রকাশের দাবি জানিয়ে আসছি। কিন্তু তারা তা করেনি। এখন বিভিন্ন ঘটনার মাধ্যমে তাদের গুপ্ত কমিটির সদস্যদের পরিচয় সামনে আসছে।

এদিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব একইভাবে বিষয়টির নিন্দা জানান।

তিনি বলেন, ছাত্রশিবির ছদ্মবেশে গুম ও অপহরণের নাটক সাজাচ্ছে এবং এর মাধ্যমে প্রকৃত ভুক্তভোগীদের অবমাননা করছে। একইসঙ্গে তারা অনলাইনে মিথ্যা প্রচারণা চালিয়ে সরকারকে দোষারোপ করছে।

বিক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন