আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন করছে জবি

আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন করছে জবি

শিক্ষার্থীদের মধ্যে আবৃত্তি ও শুদ্ধ উচ্চারণের চর্চা প্রসারের উদ্দেশ্যে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ (জবিআস)। আগামী ২৭ সেপ্টেম্বর দিনব্যাপী এ প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

সোমবার সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংগঠনটির সভাপতি আতিক মেজবাহ লগ্ন ও সাধারণ সম্পাদক শিউলী আক্তার।

বিজ্ঞাপন

জবিআস জানায়, প্রতিযোগিতায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন। এ সময় উপস্থিত থাকবেন স্বনামধন্য আবৃত্তিশিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিসেবী ও শিক্ষাবিদরা। প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ সেপ্টেম্বর।

সেখানে আরও উল্লেখ করা হয়, আয়োজকরা মূলত সাতটি লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে এই উদ্যোগ নিয়েছেন। সেগুলো হলো—তারুণ্যের কণ্ঠে মানবিকতা ও প্রগতির বার্তা পৌঁছানো, দেশপ্রেমের প্রেরণা জাগানো, উচ্চারণ ও শুদ্ধপাঠে আগ্রহ সৃষ্টি করা, ভাষাগত সচেতনতা বৃদ্ধি, সাহিত্য ও সংস্কৃতির চর্চা বাড়ানো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাংস্কৃতিক বন্ধন তৈরি করা এবং তরুণ কণ্ঠকে জাতীয় পর্যায়ে তুলে ধরা।

সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক শিউলী আক্তার বলেন, “দেড় দশকেরও বেশি সময় ধরে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় এই আয়োজন। শিক্ষার্থীদের অংশগ্রহণ আবৃত্তি চর্চায় নতুন প্রেরণা জোগাবে।”

সভাপতি আতিক মেসবাহ্ লগ্ন বলেন, “বিগত সময়ে আমাদের কার্যক্রমের মাধ্যমে জবিআস ভাষাগত সমস্যার সমাধানকেন্দ্রে পরিণত হয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগোতে চাই। প্রতিবছর বরেণ্য আবৃত্তিশিল্পীদের নিয়ে আমরা আবৃত্তি উৎসব করি। প্রতিটি আয়োজনই সারা দেশে ইতিবাচক সাড়া ফেলে।”

উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ নিয়মিত সাহিত্যপাঠ, উচ্চারণ অনুশীলন ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি সৃজনশীল প্ল্যাটফর্ম গড়ে তুলেছে। বর্তমানে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সক্রিয় ও প্রভাবশালী সাংস্কৃতিক সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন