দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও আইনশৃঙ্খলার অবনতির ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্ষমা চেয়ে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’-এর ব্যানারে আন্দোলনকারী নারী শিক্ষার্থীরা। পদত্যাগ না করলে মঙ্গলবার সন্ধ্যায় পুনরায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে মশালমিছিল বের করা হবে বলেও ঘোষণা দেন তারা।
সোমবার বিকেল ৪টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে পদযাত্রা শেষে আন্দোলনকারীদের পক্ষে আলটিমেটাম ঘোষণা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদ্রিতা রায়।
এসময় তিনি বলেন, আমরা এখানে যারা আছি, আজকে আমরা প্রত্যেকে গণঅভ্যুত্থানের অংশীদার, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী। স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে আছেন। তিনি তার দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এমন পরিস্থিতিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা করা ছাড়া আর কোনো পথ নেই।
এর আগে দুপুরে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে পদযাত্রা শুর করেন। পদযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে দোয়েল চত্বর দিয়ে শিক্ষাভবনের সামনে গেলে পুলিশ তাদের আটকে দেয়। পরে আন্দোলনকারী শিক্ষা ভবনের সামনে থেকে মিছিল নিয়ে টিএসসির দিকে ফিরে যান।
শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী সীমা আক্তার বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ব্যর্থ হচ্ছে। আমরা তাদেরকে ধিক্কার জানাই। আমাদের নিরাপত্তা কেবল ক্যাম্পাসের ভেতরে না। আগে আমাদের শত্রু ছিল আওয়ামী লীগ। কিন্তু এখন আমাদের শত্রু কে, আমরা জানি না।
তিনি আরও বলেন, অভ্যুত্থানের সময় নারীরা সামনে থেকে বড় ভূমিকা রেখেছিল। তারা তো স্বীকৃতি পেলই না, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হচ্ছে না। আমরা এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানাই। ফ্যাসিস্টদের কথা বলে দায়সারা কথা বলবেন না। এসময় নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

