বেরোবির স্থাপনা থেকে মুজিব ও তার পরিবারের নাম মুছে দিল শিক্ষার্থীরা

প্রতিনিধি, বেরোবি

বেরোবির স্থাপনা থেকে মুজিব ও তার পরিবারের নাম মুছে দিল শিক্ষার্থীরা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সকল স্থাপনা থেকে শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের নাম মুছে দিয়েছেন সাধারণ শিক্ষার্থী।

বুধবার রাত ৯টা ৫০ মিনিটে শিক্ষার্থীরা জড়ো হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম মুছে দিয়ে বিজয় ২৪ হল নামকরণ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত 'বঙ্গবন্ধু ম্যুরাল' নাম মুছে দিয়ে 'মুক্ত মঞ্চ' নাম করেন শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম মুছে ফেলে বেগম রোকেয়া হল নামকরণের জন্য প্রশাসনের কাছে আবেদন জানান।

বিজ্ঞাপন

এসময় 'আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?' 'ছাত্রলীগের ঠিকানা, এই বাংলায় হবে না' 'আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ' 'শেখ হাসিনার গদিতে, আগুন জ্বালাও একসাথে', 'অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন', 'আওয়ামী লীগের আস্তানা, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও' এমন স্লোগান দিতে দেখা যায় আন্দোলনরত শিক্ষার্থীদের।

সাধারণ শিক্ষার্থীরা জানান, ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ফ্যাসিবাদের দোসরা ঘাপটি মেরে আছে। তারা বিভিন্ন সময় এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। আজ ফ্যাসিবাদ খুনি হাসিনা লাইভে এসে তার দোসরদের উজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছে। ফ্যাসিবাদ যেন আর মাথা চাড়া দিতে না পারে, শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে তৎপর। ফ্যাসিবাদের চিহ্ন শহীদ আবু সাঈদের পবিত্র বিশ্ববিদ্যালয়ে রাখা হবে না।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলভীর বলেন, খুনি হাসিনা মনে করেছে আমরা সব ভুলে গেছি। খুনি হাসিনার হাতে হাজারো ছাত্র সমাজের রক্তের দাগ লেগে আছে। খুনি হাসিনা ও তার দল আওয়ামী লীগ নেতাকর্মীদের অস্তিত্ব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আর থাকবে না। অতিদ্রুত শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসি দিতে হবে।

আরেক শিক্ষার্থীর জয় বলেন, শেখ হাসিনা লাইভে এসে ছাত্র জনতার উদ্দেশে ভাষণ দেওয়ার প্রতিবাদে আমাদের এ কর্মসূচি। আমার ভাইদের রক্তের দাগ না শুকাতেই খুনি হাসিনার খুনি হাসিনা প্রকাশ্যে আসার সাহস দেখায় কেমনে? আমরা ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া পদচিহ্ন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে তাদের শেকড় মুছে দিতে আমাদের আজকের এ আন্দোলন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন