শিক্ষার্থীদের জন্য ৩২ কোটি বই ছাপাবে সরকার

স্টাফ রিপোর্টার

শিক্ষার্থীদের জন্য ৩২ কোটি বই ছাপাবে সরকার
ছবি : সংগৃহীত

আগামী শিক্ষাবর্ষে স্কুল শিক্ষার্থীদের জন্য ৩২ কোটি বিনামূল্যের বই ছাপাবে সরকার। এজন্য প্রায় ৮০ হাজার মেট্রিক টন কাগজ লাগবে। সময়মতো বই ছাপার জন্য নির্ধারিত দামে এই কাগজ সরবরাহ করতে সরকারের সঙ্গে চুক্তি করবে পেপার মিল মালিকরা। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে পেপারমিল মালিকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, আমরা পেপার মিল মালিকদের সঙ্গে বৈঠকে আশ্বস্ত হয়েছি যে- এবারের বইগুলো সুন্দরভাবে দেওয়া হবে এবং সফলভাবে কাজ শেষে কিছুদিনের ভিতরেই আমরা বইগুলো বিতরণ করতে পারব। সেই আঙ্গিকে এই পেপারমিল মালিকরা সরকারের সঙ্গে প্রিন্টার্স একটি অ্যাগ্রিমেন্টে আসবে, যাতে কোনো চুক্তির ব্যত্যয় না ঘটে। সেই সহযোগিতা তারা করবেন।

বিজ্ঞাপন

সাংবাদিকদের প্রশ্নে জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আজকের বৈঠকে জানতে চেয়েছিলাম, কে কাকে ঠকায়। এটি প্রমাণিত হয়েছে যে, প্রেস মালিক এবং পেপার মালিকদের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে। সেজন্য আমরা পেপার মিল মালিকদের সঙ্গে কথা বলেছি, তারা দাম না বাড়িয়ে নির্ধারিত সময়ে ৮০ হাজার মেট্রিক টন পেপার দেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা সময়মতো বেই দিতে পারব।

এ সময় শিক্ষাসচিব আবদুল খালেক বলেন, আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) মাধ্যমে প্রায় ৩২ কোটির মতো বই ছাপাবো। এজন্য প্রায় ৮০ হাজার মেট্রিক টন পেপার লাগবে। আমরা টেন্ডার ইতোমধ্যে শুরু করেছি। প্রেস মালিকরা টেন্ডারে অংশগ্রহণ করছেন। তারা যাতে সময়মতো পেপার পায়, তাদের সহযোগিতা করতেই আজকের এই বৈঠক। পেপার মালিকরা আশ্বাস দিয়েছেন যে, প্রতি মাসে কমপক্ষে ৫৫ হাজার মেট্রিকটন পেপার তারা সরবরাহ করতে পারবে।

সচিব বলেন, বই ছাপার প্রধান স্টেকহোল্ডার প্রেস মালিক এবং পেপার মিল মালিক। আর শিক্ষামন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে এনসিটিবি এটা কোর্ডিনেট করছে। আমরা এই প্রথম পেপার মিল মালিকদের সঙ্গে বৈঠক করছি। মঙ্গলবার প্রেস মালিকদের সঙ্গে বৈঠক করা হবে।

প্রেস ব্রিফিংয়ে বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের সিইও ও ডিএমডি মুস্তাফিজুর রহমান বলেন, সঠিক সময়ে যাতে বাজার দর অনুযায়ী চাহিদামত কাগজ দিতে পারি, সে বিষয়ে আমরা আশ্বস্ত করেছি। আমরা এনসিটিবি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবো। আগের বছরগুলোর মতো কোনো সমস্যা যাতে আর না হয়, সে ব্যাপারে আমরা আশ্বাস দিয়েছি।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন