বহিষ্কৃত নেতাকে নিয়ে শাবিপ্রবি ছাত্রদলের দোকান পরিদর্শন, ‘আইনবহির্ভূত’ বললেন প্রক্টর

বহিষ্কৃত নেতাকে নিয়ে শাবিপ্রবি ছাত্রদলের দোকান পরিদর্শন, ‘আইনবহির্ভূত’ বললেন প্রক্টর

বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ও ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা থাকা এক ছাত্রদল নেতাকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন দোকান পরিদর্শন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রদলের একটি অংশ।

বিজ্ঞাপন

জানা যায়, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের দোকানগুলোতে খাবারের দাম ও মান তদারকির উদ্দেশ্যে পরিদর্শন করা হয়। পরিদর্শনে ছিলেন, শাখা ছাত্রদলের সমাজসেবা সম্পাদক মোস্তফা আহমেদ, যোগাযোগ সম্পাদক (বহিষ্কৃত নেতা) মো. হাসিবুর রহমান এবং ছাত্রদলের কর্মী হেমন বড়ুয়া ও অন্ত গোপ।

দল থেকে বহিষ্কৃত এবং ক্যাম্পাসে আগামী দুই বছর প্রবেশে নিষেধাজ্ঞা থাকা এক শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের এই দোকান পরিদর্শন নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা যায়, চলতি বছরের ২১ জুলাই এক জরুরি সিন্ডিকেট সভায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় হাসিবুর রহমানকে চার সেমিস্টারের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বহিষ্কারকালীন সময়ে তার ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়।

তবে তিনি এই নিষেধাজ্ঞা অমান্য করে বারবার ক্যাম্পাসে প্রবেশ করছেন বলে অভিযোগ রয়েছে। এর আগেও বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসের হলগুলোতে মোটরসাইকেল শোডাউন দিয়েছিলেন তিনি।

এ বিষয়ে জানতে মুঠোফোনে হাসিবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। একইভাবে সমাজসেবা সম্পাদক মোস্তফা আহমেদকেও একাধিকবার কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, ক্যাম্পাসের দোকানগুলোতে যারা পরিদর্শন করেছেন, তারা ছাত্রদলের প্রতিনিধি হিসেবে নয়, বরং শিক্ষার্থী হিসেবে পরিদর্শন করেছেন।

বহিষ্কৃত নেতা হাসিবুর রহমানের বিষয়ে তিনি বলেন, সে বিষয়ে আমি কিছু বলতে পারি না। সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যাপার।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি। এটা বিশ্ববিদ্যালয়ের আইনবহির্ভূত। তাদের তদারকি করার কোনো এখতিয়ার নেই।

বহিষ্কৃত নেতার ক্যাম্পাসে প্রবেশের বিষয়ে তিনি বলেন, এটা আমি জানি না। যদি ক্যাম্পাসে এসে থাকেন, তাহলে তাকে আমরা ডেকে জিজ্ঞেস করব এবং একই সঙ্গে চিঠি দিয়ে নিষেধ করে দেব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন