আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের নেতৃত্বে মনির উদ্দিন ও সঞ্জয় কুমার

আমার দেশ অনলাইন

জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের নেতৃত্বে মনির উদ্দিন ও সঞ্জয় কুমার

বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী চারু ও কারুশিল্পীদের ‘বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল’-এর ৬৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে অধ্যাপক ড. শেখ মনির উদ্দিনকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার দে-কে।

সংগঠনটি সাংস্কৃতিক অঙ্গনে জাতীয়তাবাদী চেতনার বিকাশ এবং শিল্পীদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নিশ্চিতের লক্ষ্যে কাজ করবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ধারার শিল্পী ও কারুশিল্পীরা সাংগঠনিক কাঠামোর বাইরে থেকে বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকলেও নানা প্রতিকূলতায় আনুষ্ঠানিক কমিটি গঠন সম্ভব হয়নি।

বিশেষ করে করোনাকাল ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় তারা নিজ নিজ অবস্থান থেকে দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন। বর্তমান গণতান্ত্রিক ধারার পুনরুত্থানের প্রেক্ষাপটে এ সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

সংগঠনের গঠনে দিকনির্দেশনা দেন আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার, নির্বাহী পরিচালক, জিয়াউর রহমান ফাউন্ডেশন।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন। সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার দে।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন শিল্পী ড. মো. মফিদুল আলম খান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শিল্পী মিজানুর রহমান লিমন, সাংগঠনিক সম্পাদক শিল্পী কিউ এইচ এম ওয়াহিদুজ্জামান রাজন, সহ-সভাপতি শিল্পী মো. রকিবুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক শিল্পী অপু চৌধুরী, প্রচার সম্পাদক শিল্পী খোরশেদ আলম এবং দপ্তর সম্পাদক শিল্পী নাহিন মাহমুদ।

সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে থাকছেন আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। উপদেষ্টা পরিষদে আরও রয়েছেন শিল্পী দেবাশীষ পাল, সহযোগী অধ্যাপক, মৃৎশিল্প বিভাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়; শিল্পী সরকার জিয়া উদ্দিন আহাম্মদ, উপ-পরিচালক, নাট্যকলা বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমী; শিল্পী মো. আব্দুল আযীয, সহযোগী অধ্যাপক, প্রাচ্যকলা বিভাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শিল্পী মুকুল কুমার বাড়ৈ, সহযোগী অধ্যাপক, ভাস্কর্য বিভাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, ভৌগোলিক রাষ্ট্র কাঠামোর সাংস্কৃতিক বিকাশ আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বশর্ত। বাংলাদেশের বিপুলসংখ্যক মানুষ সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত থাকলেও তাদের পেশাগত ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নেই। বিশ্ববাজারে শিল্প ও কারুশিল্পের গুরুত্ব বাড়লেও দেশে চারু ও কারুশিল্পীদের স্বীকৃতি ও অধিকার প্রশ্নে এখনও কাঠামোগত ঘাটতি রয়ে গেছে। এই বাস্তবতা থেকেই জাতীয়তাবাদী চেতনার আলোকে শিল্পীদের একটি সাংগঠনিক প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রয়োজনীয়তা দেখা দেয়।

সংগঠনটিতে দেশের প্রথিতযশা চারুশিল্পীদের পাশাপাশি ঐতিহ্যবাহী কারুশিল্পের প্রতিনিধিরাও যুক্ত হয়েছেন। এর মধ্যে রয়েছে রিকশাচিত্র, নকশীকাঁথা, শীতলপাটি, দারুশিল্প, মৃৎশিল্প ও জামদানী শিল্পসহ বিভিন্ন শাখার শিল্পীরা। প্রান্তিক পর্যায়ের কারুশিল্পীদের অধিকার রক্ষা, সংস্কৃতির মৌলিক উপাদানের সঠিক চর্চা এবং শিল্পকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নেতারা।

সংগঠনটির ঘোষণাপত্রে বলা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন এবং দেশনেত্রী খালেদা জিয়া-র গণতান্ত্রিক সংগ্রামের ধারাকে শিল্প-সংস্কৃতির অঙ্গনে প্রতিষ্ঠা করাই সংগঠনের প্রধান লক্ষ্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন