চাঁদার দাবিতে রাজধানীর মিটফোর্ডে যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ীকে নৃশংস হত্যা এবং দেশব্যাপী অব্যাহত বিএনপির চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়ায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা “অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; যুবদলের অনেক গুণ, পাথর মেরে সোহাগ খুন; যুবদলের চাঁদাবাজরা, হুঁশিয়ার সাবধান; যুদলের সন্ত্রাস, রুখে দেবে ছাত্রসমাজ; বিএনপির সন্ত্রাস, হুঁশিয়ার সাবধান; আমার ভাই মরলো কেন? তারেক রহমান জবাদ দে; মিটফোর্ড খুন কেন? তারেক রহমান জবাব দে; সারা দেশে সন্ত্রাস কেন? বিএনপি জবাদ দে; জ্বালো রে জ্বালো আগুন জ্বালো ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, মিটফোর্ড চাঁদার জন্য ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে থেতলিয়ে নৃশংসভাবে হত্যা করেছে যুবদল নেতাকর্মীরা। হত্যার পর তার লাশের ওপর বর্বর নৃত্য করেছে।
ঢাবি শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, ৫ আগস্টের পর থেকে আমরা দেশকে গোছানোর চেষ্টা করেছি। এই পথে একমাত্র বাঁধা হয়েছে একটি মাত্র দল। সোহাগকে হত্যা গত পরশুদিন করা হয়েছে। আজ ভিডিও সামনে এসেছে। জাতীয়তাবাদী চাঁদাবাজদল একজন ব্যবসায়ী চাঁদা দেয়নি বলে পাথর মেরে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা কী নতুন করে আবার প্রস্তর যুগে ফিরে গেলাম?
তিনি বলেন, সারা দেশে বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজি, ধর্ষণ, খুন করছে। সারা দিন পরিণত হয়েছে চাঁদাবাজদের অভয়ারণ্যে। বিএনপির নেতাকর্মী কর্তৃক হত্যা হওয়ার পর লন্ডন থেকে ফোন আসে “বোন, আমি তারেক বলছি।”
তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার দলকে আপনি সামলান। আওয়ামী লীগের পথ অনুসরণ করবেন না৷ যদি করেন তাহলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, সোহাগ হত্যার কারণে আজকে যেমন ছাত্র বন্ধুরা প্রতিবাদ করছে আওয়ামী লীগের সময়ে ও ঠিক এইভাবে প্রতিবাদ করতো। বিএনপি নিজেদের দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না। বিগত ১৬ বছর তারা মজলুম ছিল। কিন্তু মজলুম যদি এখন জালিম হয় আল্লাহর আরশ কেঁপে উঠবে।
তিনি বলেন, আমরা এই চাঁদাবাজ সন্ত্রাসীদের বিচার চাই। এই দশ মাসে বিএনপি একশো মানুষকে খুন করেছে। সকল হত্যাকাণ্ডের বিচার চাই। এসময় সংস্কার না করে নির্বাচন হবে না বলেও দাবি জানান বিন ইয়ামিন মোল্লা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

