আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গণঅভ্যুত্থান স্মরণে ঢাবিতে ১৫ জুলাই ক্লাস-পরীক্ষা বন্ধ

ঢাবি সংবাদদাতা

গণঅভ্যুত্থান স্মরণে ঢাবিতে ১৫ জুলাই ক্লাস-পরীক্ষা বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। একইসাথে আগামী ১৫ জুলাই (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ে সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ শীর্ষক নানা কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

১৪ জুলাই: নারী দিবস ও সাংস্কৃতিক অনুষ্ঠান-


সোমবার (১৪ জুলাই) টিএসসি চত্বরে অনুষ্ঠিত হবে ‘July Women’s Day’ উদযাপন। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে অডিও-ভিডিও প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা এবং ড্রোন শো। অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে অংশ নিতে হলে আইডি কার্ড প্রদর্শনের মাধ্যমে প্রবেশ করতে হবে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রক্টরিয়াল টিম ও স্বেচ্ছাসেবকরা সতর্ক অবস্থানে থাকবেন।

অনুষ্ঠানস্থলে থাকবে ফায়ার সার্ভিস, বিশুদ্ধ পানির ব্যবস্থা, ভ্রাম্যমাণ টয়লেট এবং জরুরি চিকিৎসা সহায়তার জন্য একটি চিকিৎসা ক্যাম্প ও অ্যাম্বুলেন্স। এছাড়া বিকেল ৫টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে, এবং যান চলাচল বন্ধ থাকবে ১৪ জুলাই বিকেল ৩টা থেকে ১৫ জুলাই সকাল ৭টা পর্যন্ত।

১৫ জুলাই: এলইডি ওয়াল ইনস্টলেশন-


পরদিন ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন চত্বরে স্থাপন করা হবে এলইডি প্রজেকশন ওয়াল। এতে ২০২৪ সালের ১৫ জুলাই ছাত্রলীগের হামলার শিকার শিক্ষার্থীদের অভিজ্ঞতা বর্ণনা করা হবে। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়।

১৭ জুলাই: চলচ্চিত্র প্রদর্শনী-


অনুষ্ঠানমালার অংশ হিসেবে ১৭ জুলাই টিএসসি ও রাজু ভাস্কর্য চত্বরে প্রদর্শিত হবে ‘Teachers in July’ এবং ‘Abrar Fahad’ শীর্ষক দুইটি প্রামাণ্যচিত্র। এই কর্মসূচিও যৌথভাবে বাস্তবায়ন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সংস্কৃতি মন্ত্রণালয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের স্মৃতি, অংশগ্রহণ ও প্রতিবাদের চেতনাকে জাগ্রত রাখতে এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানগুলোতে সব শ্রেণি-পেশার মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন