গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উদ্বেগ প্রকাশ করে তিন দফা দাবি জানিয়েছে।
সংগঠনটি বুধবার সন্ধ্যা ৭টায় রাজধানীর শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলন করে তিন দফা দাবি পেশ করে।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেন, গোপালগঞ্জে জুলাই সম্মুখসারীর নেতাদের ওপর হামলার মাধ্যমে সরকার সন্ত্রাসীদের প্রশ্রেদেয়ার নতুন রূপ প্রকাশ করেছে। এর প্রতিবাদে আমরা তিন দফা দাবি উত্থাপন করছি, যা অবিলম্বে বাস্তবায়ন না হলে আন্দোলন আরও তীব্র হবে।
তিনি বলেন, অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। গোটা পুলিশি ব্যবস্থাকে সংস্কার করে ঢেলে সাজাতে হবে। গোপালগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগ বিরোধী সাঁড়াশি অভিযান পরিচানলা করতে হবে।আমরা আওয়ামী লীগের কাউকে কাঠগড়ার বাইরে দেখতে চাই না। ২৪ ঘণ্টার মধ্যে এ দাবি বাস্তবায়ন করতে হবে। দাবি না মানা হলে আবারও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি বলেন, আমাদের তিন দফা দাবি বাস্তবায়ন না হলে ছাত্র জনতা আবারো মাঠে নেমে আসবে। রাজপথে আবারো একটি জুলাই নেমে আসবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা বলেন, গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর যে বর্বরোচিত হামলা হয়েছে, নারী নেতাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করা হয়েছে তা জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে কখনো কাম্য নয়। আমরা এসব ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি।
তিন দফা দাবিগুলো হলো-
- আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জসহ সারা দেশে সাঁড়াশি অভিযান চালিয়ে সক্রিয় আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে।
- অবিলম্বে ‘জুলাই ঘোষণাপত্র’ জারি করতে হবে।
- আওয়ামী পুলিশের নেতৃত্বাধীন বর্তমান দমনমূলক কাঠামো ভেঙে দিয়ে পুরো প্রশাসনিক ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে।
উল্লেখ্য, বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশে দলটির শীর্ষ নেতাদের গাড়ি বহরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনাকে ‘প্রকাশ্য সন্ত্রাস’ হিসেবে আখ্যা দিয়ে বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠন প্রতিবাদ জানিয়ে আসছে। হামলার পর দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

