আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডাকসুর প্রচারণায় প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন

মাহির কাইয়ুম, ঢাবি

ডাকসুর প্রচারণায় প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে আনুষ্ঠানিক প্রচারণার মাঠে উত্তাপ ক্রমেই বাড়ছে। একদিকে প্রার্থীদের নানা ধরনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, অন্যদিকে কমিশনের একপক্ষীয় আচরণের সমালোচনা, আবার কোথাও সহিংসতার ঘটনাও ঘটছে। এ নিয়ে নির্বাচনের আগেই সুষ্ঠু পরিবেশ নিয়ে প্রশ্ন তুলছেন অনেক শিক্ষার্থী।

নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে প্রার্থীরা নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে ব্যানার, ফেস্টুন ও বোর্ড টাঙিয়ে দেন। টিএসসি, ভিসি চত্বর, বিশ্ববিদ্যালয় লাইব্রেরি, মল চত্বর, চারুকলা, কার্জন হলসহ বিভিন্ন জায়গায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, প্রতিরোধ পর্ষদসহ স্বতন্ত্র বিভিন্ন প্রার্থীর ব্যানার-ফেস্টুন দেখা গেছে।

বিজ্ঞাপন

আচরণবিধি অনুযায়ী, শুধু সাদা-কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো ও বিলি করার অনুমতি রয়েছে। কাপড়, পিভিসি বা অন্য কোনো মাধ্যমে ব্যানার, ফেস্টুন বা বোর্ড টাঙানো নিষিদ্ধ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, চিফ রিটার্নিং অফিসারের স্বাক্ষরিত জরুরি নির্দেশনার পরও গতকাল বুধবার দুপুর পর্যন্ত অধিকাংশ ব্যানার সরানো হয়নি। পরে বুধবার বিকালে এস্টেট অফিস কর্মীদের সহায়তায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে সেগুলো নামিয়ে ফেলা হয়।

অন্যদিকে টিএসসিতে গান-কবিতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান করে নির্বাচনি ইশতেহার প্রকাশের অভিযোগে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী মাহাবুব খালাসীকে শোকজ নোটিস দিয়েছে নির্বাচন কমিশন। টাস্কফোর্সের আহ্বায়ক অধ্যাপক ড. গোলাম রব্বানী স্বাক্ষরিত নোটিসে তাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।

হলগুলোর শিক্ষার্থীদের অভিযোগ, হলে হলে বিভিন্ন প্রার্থী নির্ধারিত সময় রাত ১১টার পরও প্রচারণা চালাচ্ছেন। অনুমতি না নিয়ে রুমে রুমে প্রবেশ করছেন। এ নিয়ে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায়।

নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক জসিম উদ্দিন মনে করেন, অনেক প্রার্থী আচরণবিধি সম্পর্কে ওয়াকিবহাল হচ্ছে না। অনেকে না জেনেই এসব পোস্টার-ফেস্টুন লাগিয়েছেন। যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদের আমরা ইতিমধ্যে নোটিস দিয়ে সরিয়ে নিয়েছি। এরপর যদি আবার কেউ এগুলো লাগায়, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

কমিশনের বিরুদ্ধে শিবিরের অভিযোগ

এদিন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ অভিযোগ করেছে, কমিশন একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে সুবিধা দিচ্ছে। গতকাল রেজিস্ট্রার ভবনের সামনে প্রেস ব্রিফিংয়ে প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এসএম ফরহাদ জানান, তাদের ফেস্টুন নামিয়ে ফেলা হলেও কমল মেডিএইড-এর নামে হলে হলে খিচুড়ি পার্টি হয়েছে, জুমার নামাজের পর সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে—অথচ কমিশন কোনো ব্যবস্থা নেয়নি।

ফরহাদ অভিযোগ করেন, তাদের নারী প্রার্থীদের ছবি বিকৃত করা হয়েছে, যা হিজাবোফোবিয়ার বহিঃপ্রকাশ। লিখিত অভিযোগ দেওয়ার পরও প্রশাসন ব্যবস্থা নেয়নি।

সাদিক কায়েম বলেন, আমাদের ফেস্টুন লাগাতে অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু রাতারাতি নোটিস দিয়ে সরাতে বাধ্য করা হয়েছে। সব সিদ্ধান্তই একটি নির্দিষ্ট সংগঠনের পক্ষে যাচ্ছে।

ভোটকেন্দ্র বাড়ানোর দাবি ছাত্রদলের

এদিন ছাত্রদল মনোনীত প্যানেল ভোটকেন্দ্র বাড়ানোর দাবি জানিয়েছে। তাদের যুক্তি, মাত্র আটটি কেন্দ্রে প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর ভোটগ্রহণ সম্ভব নয়।

ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, প্রতি ভোটারকে ৪১টি ভোট দিতে হয়। একজন ভোটারের অন্তত ৫–১০ মিনিট সময় লাগবে। সীমিতসংখ্যক কেন্দ্রে সব শিক্ষার্থী ভোট দিতে পারবে কি নাÑতা নিয়ে আমরা শঙ্কিত।

ভিপি প্রার্থী জালালের সহিংসতা

হাজী মুহম্মদ মুহসীন হলে রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত করে জখম করার অভিযোগে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় হল প্রশাসন বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করে।

হল প্রাধ্যক্ষ ড. সিরাজুল ইসলাম বলেন, এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য জালালকে তাৎক্ষণিকভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তার ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত জালাল এক ফেসবুক পোস্টে দাবি করেন, তিনি হলে বহিরাগত শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছিলেন। এ কারণে রুমমেট তাকে আক্রমণ করে।

হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ১৩টি পদে মোট এক হাজার ৩৫ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ৭৩ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন, একজনের মনোনয়ন বাতিল হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন