জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, আমাদের কলেজগুলোতে রিসোর্সের কোন অভাব নেই, দরকার শুধু ভালো সিলেবাস, জবাবদিহিতা, সুশাসন এবং রাজনীতি মুক্ত শিক্ষার পরিবেশ।
শনিবার রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের অডিটোরিয়ামে নবীন বরণ-২০২৫ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রফেসর আমানুল্লাহ বলেন, শিক্ষা ব্যবস্থার অবকাঠামোতে বিগত সময়ে রাজনীতি, দলাদলি সৃষ্টি করে বৈষম্য, নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়েছিল। এখন থেকে বিগত সময়ের মত আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে অরাজকতা সৃষ্টি করা যাবে না এবং শিক্ষা ব্যবস্থায় কোন বৈষম্য থাকবে না।
তিনি শিক্ষকদের কলেজের ভিতরে দলাদলি, রাজনীতি না করে ক্লাসে মনোযোগী হওয়া এবং শিক্ষার্থীদের ভালো করে পড়াশোনায় গুরুত্ব দেওয়ার কথায় জোর আরোপ করেন। পাশাপাশি ক্লাসে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি যাতে বৃদ্ধি হয় সেদিকে নজর দেওয়ার কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি বলেন, তোমরা জাতির ভবিষ্যৎ মানব সম্পদ, তোমরাই পারবে জাতির রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থার পরিবর্তন আনতে। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস সংস্করণ, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, আইসিটি, ট্রেড কোর্স, প্রফেশনাল কোর্সের সমন্বয়ে অধ্যায়ন ব্যবস্থা করছি, যাতে ডিগ্রি অর্জনের সঙ্গে সঙ্গে দেশে-বিদেশে চাকরির বাজারে নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পারো।
তিনি বলেন, ২০২৪ জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীরা যে ভয়াবহতা দেখেছে, এর ফলে প্রতিটি শিক্ষার্থী মানসিকভাবে ট্রমাতে রয়েছে। এই ট্রমা থেকে শিক্ষার্থীদের মানসিকভাবে দৃঢ় ও সুস্থ মনোবল তৈরির জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের নিয়ে মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা শুরু করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রত্যেক কলেজের শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের কর্মশালা করা হবে।
সিদ্ধেশ্বরী কলেজের অধ্যক্ষ প্রফেসর জুলহাস উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি তাহসিনুর রহমান এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

