জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪২১ নেতাকর্মীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এনে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ (ট্রেজারার), প্রক্টর ও রেজিস্ট্রার বরাবর এ স্মারকলিপি প্রদান করেন ছাত্রদল নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বিগত ১৭ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সহিংসতা, নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও ছাত্র-শিক্ষকের নিপীড়নের জন্য ছাত্রলীগসহ কিছু শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অপরাধমূলক কর্মকাণ্ডকে দায়ী করা হয়।
বিশেষভাবে শহীদ সাজিদ ভবনে সংঘটিত সাম্প্রতিক ঘটনার একতরফা ও তদন্তহীন বিচার প্রক্রিয়া প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, জুলাই-আগস্টে পরিচালিত একদফা ছাত্র আন্দোলনে যারা শান্তিপূর্ণভাবে অংশ নিয়েছে এবং কোনো ফৌজদারি অপরাধে জড়িত নয়, তাদের যেন তালিকা থেকে বাদ দেওয়া হয়।
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, আমরা শুধুমাত্র তাদের বিচার চাই যারা বিরোধী মতের শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালিয়েছে। নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, সেই দাবিও জানিয়েছি।
ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ছাত্রলীগের প্রশ্নে আমরা বিন্দুমাত্র আপস করবো না। আমরা চাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিটি সন্ত্রাসীর বিচার হোক।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি, শাহরিয়ার হোসেন, নাহিয়ান বিন অনিক, রাশেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

